Last Updated:
Bangla News: কটক থেকে বোলপুর পাচারের বড় ছক বানচাল করল খণ্ডঘোষ থানার পুলিশ! বর্ধমান-আরামবাগ রাজ্য সড়কের পলেমপুরে নাকা চেকিং চলার সময় চারচাকা গাড়ির ডিকি থেকে উদ্ধার ১৬ কেজি গাঁজা। গ্রেফতার এক পাচারকারী।
বর্ধমান, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কটক থেকে বোলপুর যাওয়ার পথে চারচাকা গাড়িতে করে প্রায় ১৬ কেজি গাঁজা পাচারের অভিযোগ। বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের পলেমপুরে রাতে নাকা চেকিং চলাকালীন সন্দেহ হওয়ায় একটি চারচাকা গাড়ি আটক করে খণ্ডঘোষ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় প্রায় ১৬ কেজি গাঁজা। ঘটনায় শেখ নাসিরুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিও।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা দিলচাঁদ মল্লিক জানান, আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় পলেমপুর যুব ক্রীড়াঙ্গনের সামনে গাড়িটি আটকানো হয়। একাধিক পুলিশ ভ্যান ঘটনাস্থলে আসার পর স্থানীয়রা সেখানে গিয়ে গাড়িতে তল্লাশি চালানোর বিষয়টি দেখতে পান। তাঁর দাবি, গাড়ির ডিকি থেকে একটি বস্তার মধ্যে রাখা গাঁজা উদ্ধার হতে দেখেছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শেখ নাসিরুদ্দিন বর্ধমান শহরের মালিরবাগানের বাসিন্দা। নাকা চেকিংয়ের সময় সন্দেহ হওয়ায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এরপর গাড়ি থেকে আটটি প্যাকেটে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, কটক থেকে গাঁজা নিয়ে বোলপুরের দিকে যাচ্ছিল ধৃত। তবে কার কাছে এই মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল, কোথা থেকে গাঁজা সংগ্রহ করা হয়েছিল এবং এর পিছনে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

