Last Updated:
125 Days Work: বুধবার পঞ্চায়েত দফতরে ১২৫ দিনের কাজ বা ভিবি-জি রামজি কর্মসূচি নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক থেকেই একগুচ্ছ নির্দেশের ইঙ্গিত দিল নবান্ন।
কলকাতা: ১২৫ দিনের কাজে গতি আনতে এবার বিডিওদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ডিসেম্বর মাস পর্যন্ত কার্যত সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেও ব্লকে ব্লকে কাজের সন্তোষজনক অগ্রগতি না হলে সংশ্লিষ্ট বিডিওদের বদলি করার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার সল্টলেকের পঞ্চায়েত দফতরে বিশেষ পর্যালোচনা বৈঠকে এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে নবান্ন সূত্রে খবর।
বুধবার পঞ্চায়েত দফতরে ১২৫ দিনের কাজ বা ভিবি-জি রামজি কর্মসূচি নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসক ও বিডিওরা। রাজ্যের বিভিন্ন ব্লকে এই প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সূত্রের খবর, বৈঠকে বেশ কয়েকটি ব্লকে ১২৫ দিনের কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কেন এখনও বিভিন্ন ব্লকে সন্তোষজনক কাজ হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ডিসেম্বর মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি করতে হবে বলে স্পষ্ট বার্তা দেন শুভেন্দু অধিকারী।
শুধু তাই নয়, ডিসেম্বরের মধ্যেও যে সমস্ত ব্লকে ১২৫ দিনের কাজে সন্তোষজনক অগ্রগতি হবে না, সেখানকার বিডিওদের বদলি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিকদের বিডিও পদ থেকে সরিয়ে ডিএম অ্যান্ড ডিসি পদে বদলি করতে হবে বলেও বৈঠকে জানিয়েছেন তিনি বলেই সূত্রের খবর।
অন্যদিকে, মালদা ও মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়ার বিষয়টিও উঠে আসে বৈঠকে। সূত্রের খবর, এই দুই জেলায় কেন পরিযায়ী শ্রমিকদের পর্যাপ্ত কাজ দেওয়া যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের আরও বেশি করে ১২৫ দিনের প্রকল্পের আওতায় কাজ দেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, গত সপ্তাহে নবান্নে বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে পর্যালোচনা বৈঠকেও ১২৫ দিনের কাজের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে বিডিওদের বদলির কথাও বলেছিলেন তিনি। এবার সরাসরি পঞ্চায়েত দফতরের বৈঠক থেকে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে প্রশাসনিক আধিকারিকদের আরও কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়

