Last Updated:
জলপাইগুড়ির গয়েরকাটার জামতলায় ধানক্ষেত থেকে উদ্ধার হল বিশাল আকৃতির একটি অজগর। কিন্তু উদ্ধারের পর এক যুবক সাপটিকে গলায় পেঁচিয়ে গ্রাম ঘুরতেই ভাইরাল হয় সেই ভিডিও। ঘটনায় বন্যপ্রাণীর সঙ্গে অসতর্ক আচরণ নিয়ে উঠছে সচেতনতার প্রশ্ন। সাপ দেখলে নিজে ধরতে না গিয়ে বন দফতরকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ধানক্ষেত থেকে উদ্ধার বিশাল অজগর! কিন্তু উদ্ধারের পর যুবকের কাণ্ড গলায় নিয়ে সেই অজগর সাপটিকে তিনি গ্রামের মানুষদের ঘুরে ঘুরে দেখাচ্ছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, গলায় পেঁচিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য ঘিরে চাঞ্চল্য। ধানক্ষেতের আড়ালে লুকিয়ে ছিল বিশাল আকৃতির অজগর। আচমকাই সেই সাপের দেখা মিলতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও কৌতূহল। অজগর দেখতে ভিড় জমান শত শত মানুষ। কিন্তু সাপ উদ্ধারের পর যা দেখা গেল। উদ্ধার হওয়া বিশাল অজগরটিকে এক যুবক নিজের গলায় পেঁচিয়ে নিয়ে যাচ্ছেন! সেই দৃশ্য ঘিরেই উঠছে সচেতনতার প্রশ্ন। ঘটনাটি জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট রেঞ্জের অন্তর্গত গয়েরকাটার জামতলা এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যার পর একটি ধানক্ষেতে ধানগাছ কেটে বাঁধার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সেই সময় ধানগাছের আড়ালে চোখে পড়ে বিশাল আকৃতির একটি অজগর। খবর ছড়াতেই আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। অনেকেই মোবাইল ফোনে সাপটির ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করা হয়। কিন্তু উদ্ধারের পর এক যুবকের গলায় অজগরটিকে পেঁচিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য সামনে আসতেই তৈরি হয় বিতর্ক।
সাপটি বিষধর না হলেও এমনভাবে বন্যপ্রাণীর সঙ্গে আচরণ কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশপ্রেমীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অজগরটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি বন দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, কোথাও সাপ দেখতে পেলে নিজেরা ধরতে যাবেন না। দ্রুত বন দফতরকে খবর দিন। কারণ, কৌতূহলবশত সামান্য অসতর্কতাই বিপদ ডেকে আনতে পারে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের জন্য।

