Headlines

Arjun Kunal Meet: মুখোমুখি অর্জুন-কুণাল! নব মহাকরণে হঠাৎ বৈঠক, কোন আবেদন নিয়ে মন্ত্রীর কাছে বিধায়ক? | লেটেস্ট কলকাতার খবর


Last Updated:

Arjun Kunal Meet: যদিও কৌস্তভ ইস্যু বা অন্য কোনও রাজনৈতিক আলোচনা তাঁদের মধ্যে হয়েছে কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করেননি অর্জুন সিং।

অর্জুন সিং, কুণাল ঘোষ
অর্জুন সিং, কুণাল ঘোষ

কলকাতা: নব মহাকরণে হঠাৎ বৈঠকে অর্জুন সিং এবং কুণাল ঘোষ৷ আর সেই বৈঠককে ঘিরে শুরু হল জোর রাজনৈতিক চর্চা। গত কয়েক দিন ধরেই বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচি বনাম মন্ত্রী অর্জুন সিংয়ের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে। এই আবহে বুধবার সন্ধে বেলায় নব মহাকরণে মন্ত্রী অর্জুন সিংয়ের দফতরে যান কুণাল ঘোষ। অর্জুনকে নিয়ে কৌস্তভের অভিযোগ ইসুতে কার্যত অর্জুন সিংয়ের বারবারই পাশে থেকে কুণাল ঘোষ বলছেন, ‘‘অর্জুনের সঙ্গে কৌস্তভের কোনও তুলনাই হয়না। রাজনীতিতে অর্জুনের ধারে কাছে কৌস্তভ আসে না। অর্জুন তৃণমূলে ছিলেন। এখন অন্য দলে গেছেন। তাঁর সঙ্গে দলগত বিরোধ আছে। কিন্তু অর্জুন দীর্ঘদিনের নেতা।’’

কী জন্য কুণাল অর্জুন সাক্ষাৎ

জানা গিয়েছে,নিজের এলাকায় নতুন সরকারি বাস রুটের আবেদন নিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের কাছে গিয়েছিলেন কুণাল ঘোষ। বলাবাহুল্য, সম্প্রতি এক মঞ্চে অর্জুন সিংয়ের সঙ্গে ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাসের উপস্থিতি নিয়ে বিতর্কের সূত্রপাত। উত্তম ও টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী বিজেপি-তে যোগ দিলে দলের রাজ্য দফতরের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছিলেন বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি।

তার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তমের বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে যান বিজেপির স্থানীয় নেতৃত্বের একাংশ। পাল্টা তৃণমূল ও সিপিএম নেতাদের সঙ্গে কৌস্তভের ছবি সামনে এনে প্রচার শুরু করে দলের অন্য অংশ। রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও কার্যত কৌস্তভের সমালোচনা করেছিলেন।

এই আবহে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বৈঠক করলেন অর্জুন সিংয়ের সঙ্গে। যদিও কুণাল ঘোষের বক্তব্য, ‘‘বেলেঘাটা বিধানসভায় নতুন বাস রুটের আবেদন অর্জুন সিংয়ের দ্বারস্থ হয়েছিলাম। হাওড়া- বেলেঘাটা পর্যন্ত নতুন বাস রুটের জন্যই নব মহাকরণ ভবনে পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের সাথে দেখা করেছি। তিনি ইতিবাচক আশ্বাস দিয়েছেন নতুন রুট করে দেওয়ার ক্ষেত্রে।’’

তবে কী এদিন দীর্ঘক্ষণ শুধুমাত্র সরকারি বাসের আবেদন নিয়েই আলোচনা হয় অর্জুন-কুণালের মধ্যে? নাকি এই পেছনে রাজনৈতিক আলোচনাও আছে?

পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের কথায়, ‘‘কুণাল ঘোষ বিধায়ক হিসেবে এসেছিলেন নতুন একটি বাস রুটের আবেদন নিয়ে। আমাদের বেশ কিছু নতুন বাস শীঘ্রই পথে নামবে। ’’তাঁর হাওড়া- বেলেঘাটা রুটের বিষয়েও আমরা গুরুত্ব দেব।’’ তবে কুণাল ঘোষ কিম্বা অর্জুন সিংয়ের মতো দুই রাজনীতিবিদদের মধ্যে দীর্ঘ বৈঠক যে শুধুই সরকারি বাস কেন্দ্রিকের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না বলেই মত রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *