Last Updated:
কলকাতার গড়ফায় নাবালকের উপর নৃশংস অত্যাচারের অভিযোগ। চোখ বেঁধে মারধর ও গায়ে পেট্রল ঢেলে আগুন ধরানোর চেষ্টা। মূল অভিযুক্ত-সহ গ্রেফতার ২, আটক দুই নাবালক।
কলকাতা: গড়ফার নেলিনগরে নাবালকের উপর নৃশংস অত্যাচারের অভিযোগ। হেলমেট পরিয়ে চোখ বেঁধে মারধরের পর তাকে পেট্রল খাওয়ানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। তাতে বাধা দিলে নাবালকের গায়ে পেট্রল ঢেলে দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পাড়ার কয়েকজন যুবকের বিরুদ্ধে। গোটা ঘটনার ভিডিও করে রিলস বানানোর পরিকল্পনা ছিল বলেও জানা গিয়েছে।
আগুনের হাত থেকে বাঁচতে কোনওক্রমে দৌড়ে পালিয়ে জামা খুলে প্রাণে বাঁচে ওই নাবালক। শরীরের কিছু অংশ পুড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার মামলা রুজু করেছে গড়ফা থানার পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে দুই নাবালককেও। অভিযোগ, নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি পুলিশকে বিভ্রান্ত করতে ওই কিশোরকে মিথ্যা বয়ান দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, গত ২৭ অক্টোবর গড়ফা থানার নেলিনগর এলাকায় ঘটনাটি ঘটে। একটি পুকুরের ধারে দাঁড়িয়েছিল ওই কিশোর। সেই সময় কয়েকজন যুবক ও কিশোর তাকে ঘিরে ধরে বলে অভিযোগ। এরপর তার মাথায় হেলমেট পরিয়ে চোখ বেঁধে দেওয়া হয়। অভিযোগ, এক নাবালক দেশলাই কাঠি এগিয়ে দিলে অন্য এক যুবক তাতে আগুন ধরিয়ে কিশোরের দিকে ছুড়ে দেয়। সঙ্গে সঙ্গে তার পোশাকে আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে দিশেহারা হয়ে ছোটাছুটি শুরু করে সে। শেষ পর্যন্ত কোনওরকমে নিজের গায়ের জ্বলন্ত শার্ট খুলে ফেলে আগুনের হাত থেকে রক্ষা পায় ওই কিশোর। গোটা ঘটনার ভিডিও করে রিলস বানানোর পরিকল্পনা ছিল বলেও জানা গিয়েছে।

