Last Updated:
Kolkata Police Freezes 27 Bank Accounts: ইউনেস্কোর লোগো ব্যবহার করে প্রিভিউ পাস বিক্রিতে আর্থিক দুর্নীতি, তদন্তের জালে ইন্দ্রনীল-ঘনিষ্ঠরা।
কলকাতা: ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের পাস বিক্রি এবং আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। এখনও পর্যন্ত ২৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)। লালবাজার সূত্রে খবর, ওই অ্যাকাউন্টগুলির সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর সংস্থা ‘মাস আর্ট’-এর সম্পাদক ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভর যোগ রয়েছে বলে জানা গিয়েছে।
কীভাবে ইউনেস্কোর নাম ব্যবহার করে প্রিভিউ শোয়ের পাস বিক্রি করা হয়েছিল, সেই বিক্রির টাকা কোথায় জমা পড়েছে এবং আর্থিক লেনদেনের সঙ্গে কারা যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফ্রিজ করা ২৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এই মামলায় তদন্তকারীদের মুখোমুখি হলেন ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কন্যা। বৃহস্পতিবার দুপুরে লালবাজারে সিটের সদস্যদের সামনে হাজিরা দেন তিনি। প্রায় দু’ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, প্রিভিউ পাস বিক্রির বিষয়ে কিছুই জানেন না বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি।

