Last Updated:
বিএলও-দের মাধ্যমে খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের সঙ্গে যোগাযোগ করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷
অনুপস্থিত, অন্যত্র চলে যাওয়া, মৃত, ডুপ্লিকেট (ASDD) মতো কারণ দেখিয়ে যে ভোটারদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের ফের একবার এনুমারেশন ফর্ম পূরণ করার সুযোগ দিল নির্বাচন কমিশন৷ দিল্লি সহ যে সাতটি রাজ্যে এসআইআর-এর কাজ চলছে, সেখানকার ভোটাররা এই সুযোগ পাবেন বলে জানিয়েছে কমিশন৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলেঙ্গনা এবং নাগালান্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-দের শুক্রবার এই নির্দেশই দিয়েছে কমিশন৷ নির্দেশিকায় বলা হয়েছে, উপরোক্ত কারণ গুলির জন্য খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটাররা যাতে চূড়ান্ত তালিকায় নাম থাকার জন্য পর্যাপ্ত সুযোগ পান, সেই ব্যবস্থা করতে হবে৷
মূলত যে ভোটাররা এনুমারেশন ফর্ম পাওয়ার পরেও তা পূরণ করে জমা দেননি, তাঁদেরকেই এই সুযোগ দেওয়া হবে৷ ফলে ওই ভোটারদের কাছে এটি কার্যত ভোটার তালিকায় নাম তোলার দ্বিতীয় সুযোগ৷
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে কোটি কোটি যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷ যদিও বিরোধীদের এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে নির্বাচন কমিশন৷ বিজেপি-ও অভিযোগ করেছে, কংগ্রেস সহ বিরোধীরা শুধুমাত্র হারের অজুহাত দেওয়ার জন্যই নির্বাচন কমিশনকে বিরুদ্ধে অভিযোগ তুলছে৷
কীভাবে কাজ করবে এই নতুন নির্দেশিকা
যে ভোটারদের ঠিকানা বদল হয়নি কিন্তু তাঁরা এনুমারেশন ফর্মও জমা দেননি, তাঁরা দ্বিতীয় সুযোগে এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন৷ সঙ্গে কেন প্রথমবার ফর্ম জমা দিতে পারেননি তার কারণ উল্লেখ করে একটি বিবৃতি জমা দিতে হবে৷
একই রাজ্যের মধ্যে যাঁদের ঠিকানা বদল হয়েছে সেই ভোটারদের ফর্ম ৮ পূরণ করার প্রয়োজন পড়বে না৷ কিন্তু এনুমারেশন ফর্ম পূরণ করে তার সঙ্গে তাঁদের নতুন ঠিকানা উল্লেখ করে একটি বিবৃতি লিখে তার সঙ্গে নতুন ঠিকানার একটি প্রমাণ জমা দিতে হবে৷
যে ভোটারদের কোনও ঠিকানা নেই, সেই গৃহহীন ভোটারদের ক্ষেত্রে বিএলও-র ফিল্ড ভেরিফিকেশন রিপোর্টকেই ঠিকানার প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে৷
ফর্ম ৬ পূরণ করে যে নতুন ভোটাররা আবেদন করেছেন, তাঁদের আর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রয়োজন পড়বে না৷

