Last Updated:
Presidency University: স্বামী বিবেকানন্দের ছবি-সহ পোস্টারে আপত্তিকর শব্দ লেখা এবং বিভিন্ন সংগঠন সম্পর্কে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়াকে বহিষ্কার করল কর্তৃপক্ষ। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনও ডিগ্রি কোর্সেও ভর্তি হতে পারবেন না তাঁরা।
কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়াকে বহিষ্কার করল কর্তৃপক্ষ। স্বামী বিবেকানন্দের ছবি-সহ একটি পোস্টারে আপত্তিকর শব্দ লেখার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য সংগঠন সম্পর্কেও অশালীন ভাষা ব্যবহারের ঘটনায় এই দুই পড়ুয়া জড়িত ছিলেন বলে জানা গিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভবিষ্যতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কোনও ডিগ্রি কোর্সে ওই দুই পড়ুয়াকে আর ভর্তি হতে দেওয়া হবে না।
এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, “প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বরাবরই বিভিন্ন বৈজ্ঞানিক ও সামাজিক-রাজনৈতিক বিষয়ে মর্যাদাপূর্ণ আলোচনা ও বিতর্কের পক্ষে। কোনও চিন্তাবিদ, মতাদর্শ বা সংগঠনকে অপমানজনক ভাষায় আক্রমণ করার বিষয়টি বিশ্ববিদ্যালয় কোনওভাবেই বরদাস্ত করতে পারে না।”
প্রসঙ্গত, গত অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে স্বামী বিবেকানন্দের পোস্টারে আপত্তিকর শব্দ লেখাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়৷ SFI-এর বিরুদ্ধে স্বামী বিবেকানন্দকে অপমানের অভিযোগে বিক্ষোভ দেখায় ABVP৷
স্বামী বিবেকানন্দের ছবি থাকা একটি পোস্টারকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ABVP-র লাগানো পোস্টার এবং সেই পোস্টারে থাকা স্বামী বিবেকানন্দের ছবির উপর কটূক্তিমূলক মন্তব্য লেখার অভিযোগ উঠেছিল বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠন ABVP। ওই অভিযোগের সঙ্গে যুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পাশাপাশি তাঁদের বহিষ্কারের দাবিও জানায় ABVP। ওই বিষয়ে পদক্ষেপ করা না হলে আগামী দিনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ABVP।

