Headlines

Mohammed Shami Retires: উপেক্ষিত নায়ক! বঞ্চনার অভিমানেই কি বিদায়? অভিষেকের দিনেই ১৩ বছর পর টেস্ট ক্রিকেটকে বিদায় শামির | লেটেস্ট খেলার খবর


Last Updated:

Mohammed Shami Retires: নিজের অবসর বার্তায় বিসিসিআই এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। একইসঙ্গে সমর্থকদের ভালোবাসার কথা উল্লেখ করে নিজের টেস্ট কেরিয়ারে ইতি টানার ঘোষণা করেছেন।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় মহম্মদ শামির
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় মহম্মদ শামির

কলকাতা: বৃহস্পতিবার বাংলার হয়ে ইডেনে রঞ্জি ম্যাচের শেষ দিনও বিপক্ষ বাটারদের আউট করার জন্য বল হাতে ছুটে ছিলেন। তবে হয়ত সিদ্ধান্তটা আগেই নিয়ে ফেলেছিলেন। প্রস্তুতি ও নেওয়া ছিল। শুধু ঘোষণার অপেক্ষা ছিল। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় ঘোষণাটুকু করে দিলেন ভারতীয় ক্রিকেটের তারকা মহম্মদ শামি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন মহম্মদ শামি। ১৩ বছর আগে ২০১৩ সালের ৬ নভেম্বর ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল শামির। আর অভিষেকের ঠিক ১৩ বছর পূর্তির দিনই লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন বাংলার এই পেসার। উপেক্ষিত নায়ক কি বঞ্চনার অভিমানে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন? উত্তর অজানা হলেও সিদ্ধান্তের আবহ সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।

২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ বার লাল বল আর সাদা জার্সিতে দেশের হয়ে নেমেছিলেন। তারপর চোট অনেকদিন ক্রিকেটের বাইরে রাখলেও ফিরে আসার লড়াইয়ে এতোটুকু খামতি রাখেননি। গত বছর রঞ্জিতে প্রায় ৩৬-৩৭টা উইকেট নিয়েছিলেন। তবুও শামির জন্য টেস্ট দলের দরজা খোলে নি। চলতি মরশুমেও বাংলার হয়ে তিন ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে তিন ম্যাচে সাতটি উইকেট পেয়েছিলেন। সাম্প্রতিক সময়ে টেস্ট দলে শামিকে ফেরানোর দাবি উঠলেও শেষ পর্যন্ত তার কথা কেউ ভাবেনি। তাই হয়তো, নিজের ভবিষ্যৎ বুঝতে পেরে অবসরের সিদ্ধান্ত নিলেন শামি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ও সাদা বলে খেলবেন শামি। থাকবেন আইপিএলেও।

টেস্ট ক্রিকেটে ১৩ বছরের কেরিয়ারে দেশের হয়ে ৬৪টি ম্যাচ খেলেছেন শামি। ঝুলিতে রয়েছে ২২৯টি উইকেট। ছ’বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। ২০১৮ সালে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৬ রানে ৬ উইকেট ছিল টেস্টে তাঁর সেরা বোলিং পারফরম্যান্স। অভিষেক টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। শামির টেস্ট ক্যাপ নম্বর ২৭৯। সেটাই এবার তুলে রাখলেন।

অবসরের বার্তায় আবেগঘন পোস্ট করেছেন শামি। ছোট্ট গ্রাম থেকে উঠে এসে দেশের হয়ে খেলার স্বপ্নপূরণের জন্য প্রথমেই আল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি মা-বাবা, পরিবার, সতীর্থ এবং সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শামির কথায়, দীর্ঘ ১৩ বছরের সফরে অনেক উত্থান-পতন এসেছে। প্রচুর পরিশ্রম করতে হয়েছে, কিন্তু কখনও হার মানেননি। ভারতীয় দলের জার্সি গায়ে ফেরার জন্য বারবার নিজেকে প্রস্তুত করেছেন। তবে এবার টেস্ট ক্রিকেটে নিজেকে ফিরে পাওয়ার লড়াই থেকে সরিয়ে নিলেন। আসলে গম্ভীর জমানায় দেয়াল লিখনটা বুঝতে পেরে গিয়েছিলেন। তাই নাকি ঘনিষ্ঠ মহলে, মাসখানেক আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছিলেন। তবে তার পরেও একটা শেষ চেষ্টা করে দেখলেন। কিন্তু হল না।

তবে ক্রিকেটকে এখনই বিদায় জানাচ্ছেন না শামি। সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। ফলে একদিনের ক্রিকেট, টি-টোয়েন্টি এবং আইপিএলে তাঁকে দেখা যাবে। বাংলার হয়ে সাদা বলের ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারেন। রঞ্জি ট্রফিতে খেলা চালিয়ে যাবেন কি না, তা স্পষ্ট করেননি। তবে নিজের ফিটনেস ধরে রাখতে প্রয়োজনে ঘরোয়া ক্রিকেটে লাল বলের ম্যাচ খেলতে পারেন বলে জানিয়েছেন তিনি।

১৩ বছর আগে ইডেনে যে লাল বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল, সেই লাল বলকেই বিদায় জানালেন শামি। ভারতীয় ক্রিকেটে তাঁর টেস্ট অধ্যায়ের সমাপ্তি ঘটল ৬৪ ম্যাচে ২২৯ উইকেট নিয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *