Last Updated:
রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর, অতীতে কোনও সরকার এই বিষয়ে ভাবেনি বলে দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। মালদহের গাজলে রাজবংশী মহাসংঘের সম্মেলন থেকে বিগত সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি।
গাজল, মালদহঃ রাজবংশীদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। অতীতে কোনও সরকার এই সম্প্রদায়ের প্রকৃত উন্নয়নের কথা ভাবেনি। বরং বিগত সরকারের ১৫ বছরের শাসনকালে চাকরি ও কর্মসংস্থানের নামে দুর্নীতি হয়েছে, বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আর সেই দুর্নীতির পিছনে বড় ভূমিকা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মালদহের গাজলে গিয়ে এমনই অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
শুক্রবার বিকেলে মালদহের গাজলের পাঁচুপুকুর এলাকায় রাজবংশী মহাসংঘের সম্মেলনে যোগ দেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানে রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সরকার ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি ধাপে ধাপে পূরণ করছে। রাজবংশীদের উন্নয়নে সরকার যে ভাবে উদ্যোগী হয়েছে, অতীতে কোনও সরকার তা করেনি। উন্নয়নের স্বার্থে রাজবংশী সম্প্রদায়ের প্রত্যেককে একজোট হওয়ার আবেদনও জানান তিনি।
একই দিনে গাজলের ছয়ঘটি এলাকায় একটি কালীমন্দিরের উদ্বোধন করেন মন্ত্রী। সেখানে সনাতনীদের ধর্মাচরণ ও পুজো-অর্চনার স্বাধীনতার প্রসঙ্গেও বক্তব্য রাখেন তিনি। নিশীথের কথায়, সনাতনীদের পুজো-অর্চনায় কেউ বাধা দেবে, এমন পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু-সহ বিজেপির একাধিক বিধায়ক ও স্থানীয় নেতৃত্ব।

