Last Updated:
Durga Puja 2026: শনিবার চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের মাধবডিহির একই পরিবারের দু-জনের। এই কঠিন সময়ে বেজ পরিবারের পাশে দাঁড়িয়েছেন পাঁচ গ্রামের বাসিন্দারা।
পূর্ব বর্ধমান: আর বাজবে না ঢাক, মাইকে হবে না গানবাজনা, বন্ধ থাকবে সমস্ত আনন্দ অনুষ্ঠান। গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র সন্দীপ বেজ ও তাঁর মা টগর বেজের মৃত্যুর পর এমনই সিদ্ধান্ত নিলেন পূর্ব বর্ধমানের মাধবডিহির বীরপুরের পঞ্চগ্রাম পুজোর উদ্যোক্তারা। মর্মান্তিক এই ঘটনায় পুজোর আনন্দ ম্লান হয়ে গিয়েছে। শোকস্তব্ধ গোটা এলাকা। এই কঠিন সময়ে বেজ পরিবারের পাশে দাঁড়িয়েছেন পাঁচ গ্রামের বাসিন্দারা।
পাষণ্ডা, বারপুর, বীরপুর, নিলুট ও দিঘুড়া—এই পাঁচটি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে বীরপুরে আয়োজিত হয় পঞ্চগ্রামের বারোয়ারি দুর্গাপুজো। পঞ্চগ্রাম পুজো কমিটির উদ্যোগে আয়োজিত এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন পাঁচ গ্রামের আট থেকে আশি সকলেই। পুজোকে কেন্দ্র করে চলে টানা সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে মেলা। এবারও ছিল তেমনই আয়োজন। কিন্তু চোরবাজারের মর্মান্তিক ঘটনা এক মুহূর্তে বদলে দিল উৎসবের ছবিটা।
গ্রামের বাসিন্দা রতন প্রামাণিক বলেন, রবিবার সন্ধ্যায় যখন জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, তখনই খবর আসে, চোরবাজারের ঘটনায় গ্রামের সঞ্জয় বেজের স্ত্রী ও পুত্রের মৃত্যু হয়েছে। সেই খবর পাওয়ামাত্রই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। রাতেই বেজ পরিবারের পাশে দাঁড়ান গ্রামের বাসিন্দারা। পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, এই পরিস্থিতিতে আর কোনও আনন্দ অনুষ্ঠানের কথা ভাবতে পারছেন না তাঁরা। পাঁচ গ্রামের বাসিন্দারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, পুজো উপলক্ষে আর কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। মাইকে গানবাজনাও বন্ধ থাকবে। শুধুমাত্র নিয়মরক্ষার জন্য পুজো অনুষ্ঠিত হবে।

