Last Updated:
Laxmi Puja: ব্যবসায় শ্রীবৃদ্ধিতে পুজো শুরু পাঁচ দশক আগে,সাতদিনের লক্মী পুজোর এবারের থিম বাউল কুটির
বর্ধমান: মা লক্ষ্মীর পুজো একদিনের। কিন্তু বর্ধমানের বাজেপ্রতাপপুরে তা বাজার বারোয়ারির পুজো টানা সাতদিনের। চলছে মেলা। প্রতিদিন রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গাপুজো নয়, লক্ষ্মী পুজোতেই মেতে ওঠেন পূর্ব বর্ধমানের এই এলাকার বাসিন্দারা। প্রতি ঘরেই হয় আত্মীয়দের সমাগম।
বর্ধমানে দুর্গাপুজো মানেই বড় বড় মণ্ডপ ও নানা থিমের চমক। কিন্তু বাজেপ্রতাপপুর মানেই জমজমাট লক্ষ্মী পুজো। এই লক্ষ্মীপুজোকে কেন্দ্র করেই মেতে ওঠে শহর। তাই বর্ধমানের বাজেপ্রতাপপুরের তা-বাজার বারোয়ারি লক্ষ্মী পুজোর অপেক্ষায় থাকেন সকলেই। ৭ দিন ধরে চলে এই থিমের পুজো। প্রতিদিনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রয়েছে গ্রামীণ মেলা। এর সঙ্গে রয়েছে অন্নকূটের আয়োজন। এই পুজো দেখতে বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে উৎসাহীরা ভিড় জমান বাজেপ্রতাপুরে।
৫৩ বছর আগে ব্যবসার শ্রীবৃদ্ধি কামনায় তা-বাজার এলাকার মুড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ১২ টি পরিবার এই পুজো শুরু করে। রুটি-রুজির টানে নতুন প্রজন্মের অনেকেই বেছে নিয়েছেন বিকল্প পেশা তা সত্ত্বেও এই পুজোর জৌলুস দিন দিন বেড়েই চলেছে।
এবার বাংলার ঐতিহ্যবাহী বাউল শিল্পকে ফুটিয়ে তুলেছে তা বাজার বারোয়ারি লক্ষ্মীপুজো কমিটি। তাদের এবছরের পুজোর থিম বাউল কুটির। গ্রাম বাংলার বাউল কুঠিরের আদলে সম্পূর্ণ পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে গড়ে তোলা হয়েছে পুজো মন্ডপ। পুজোর বাজেট প্রায় দুই লক্ষ টাকা।মণ্ডপও গড়ে তোলা হয়েছে থিমের সাথে তাল মিলিয়ে।
উদ্যোক্তারা জানালেন,বাজেপ্রতাপপুর তা- বাজার বারোয়ারি লক্ষ্মী পুজো কমিটির সঙ্গে যুক্ত সকলেই হাতে ভাজা মুড়ির ব্যবসার সঙ্গে যুক্ত। আজ থেকে ৫৩ বছর আগে মুড়ি ব্যবসার শ্রীবৃদ্ধির কামনায় প্রথমে ১২টি পরিবার একত্রিত হয়ে এই বারোয়ারি লক্ষ্মী পুজো শুরু করলেও বর্তমানে প্রায় ৪০ টি পরিবার এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন।
বর্তমানে মেশিনে ভাজা মুড়ির চাহিদা বেড়ে যাওয়ায় নবীন প্রজন্মের অনেকেই রুটি-রুজির তাগিদে অন্য পেশায় যুক্ত হলেও আজও নিয়ম করে প্রবীণরা চাহিদা অনুসারে হাতে ভাজা মুড়ি সরবরাহ করেন জেলার নানান প্রান্তে। তবে লক্ষ্মীপুজোর দিনগুলিতে মুড়ি ভাজা বন্ধ থাকে। আত্মীয় স্বজনদের সমাগমে এই ক’টা দিন সকলেই মেতে উঠেন পুজোর আনন্দে, আর থিমের এই লক্ষ্মীপুজো দেখতে ভিড় জমান দূরদুরান্তের দর্শনার্থীরা।জীবন-জীবিকার হাজার টানাপোড়েনের মধ্যেও ঐতিহ্যের এই পুজো আজও স্বমহিমায় উজ্জ্বল।

