Headlines

নিউটাউনে হেরোইন-সহ গ্রেফতার কলেজ পড়ুয়া! গোয়েন্দা শাখা ও টেকনোসিটি থানার যৌথ অভিযান | লেটেস্ট কলকাতার খবর


Last Updated:

পুলিশের প্রাথমিক অনুমান, কলেজে পড়াশোনা করলেও কম পরিশ্রমে বেশি টাকা রোজগার এবং বিলাসবহুল জীবনযাপনের আশায় এই মাদক কারবারে জড়িয়ে পড়েছিল ওই যুবক।

News18
News18

নিউটাউন: হেরোইন বিক্রির অভিযোগে গ্রেফতার হল এক কলেজ পড়ুয়া। বিধাননগর গোয়েন্দা শাখা ও টেকনোসিটি থানার পুলিশের যৌথ অভিযানে নিউটাউনের বালিগুড়ি শিরিষ বাগান এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম কৌশিক মোল্লা। সে বালিগুড়ি এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে হেরোইন।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বিধাননগর গোয়েন্দা শাখার কাছে খবর আসছিল, বালিগুড়ি এলাকায় এক যুবক মাদকদ্রব্য বিক্রির কারবার চালাচ্ছে। সেই খবরের ভিত্তিতে নিউটাউনের বালিগুড়ি শিরিষ বাগান এলাকায় নজরদারি শুরু করেন গোয়েন্দারা। সেখানে ওত পেতে ছিলেন পুলিশকর্মীরা।

এরপর এক যুবককে একটি প্যাকেট বের করে অন্য এক ব্যক্তির হাতে তুলে দিতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি প্যাকেট উদ্ধার হয়। সেই প্যাকেটের ভিতর থেকে মেলে হেরোইন।পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতের পরিচয় জানা যায়। তদন্তকারীদের দাবি, ওই যুবকের কাজ ছিল হেরোইন ছোট ছোট প্যাকেটে ভাগ করে বিক্রি করা। এই মাদক কারবারের পিছনে আর কারা জড়িত, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। কোথা থেকে সে হেরোইন সংগ্রহ করত এবং এই কারবারের মূল মাথা কে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, কলেজে পড়াশোনা করলেও কম পরিশ্রমে বেশি টাকা রোজগার এবং বিলাসবহুল জীবনযাপনের আশায় এই মাদক কারবারে জড়িয়ে পড়েছিল ওই যুবক। টেকনোসিটি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। শুক্রবার তাকে বারাসত আদালতে পেশ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *