Last Updated:
Uttarakhand Trekking Accident: উত্তরাখণ্ডে গঙ্গোত্রী থেকে কেদারতাল ট্রেকিং করতে গিয়ে তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৮ অভিযাত্রী। তাঁদের মধ্যে ৫ জনই বাঁকুড়ার বাসিন্দা। দু’দিন ধরে হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি চালিয়েও মেলেনি খোঁজ। উদ্বেগে পরিবার।
বাঁকুড়া: উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ একই অভিযাত্রী দলের ৮ সদস্য। তাঁদের মধ্যে ৫ জনের বাড়ি এ রাজ্যের বাঁকুড়া জেলায়। নিখোঁজ অভিযাত্রীদের নাম তাপস বাউরী, রতন ঘোষ, রিন্টু মণ্ডল, উদয় ঘোষ ও মনোজ খাওয়াস। প্রথম চারজনের বাড়ি বাঁকুড়ার শালবনী গ্রামে।
অন্যদিকে, মনোজ খাওয়াসের বাড়ি বাঁকুড়ার কেশরা গ্রামে। বাকি তিন নিখোঁজ অভিযাত্রীর মধ্যে দু’জনের বাড়ি উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ এবং একজনের বাড়ি উত্তরাখণ্ডের উত্তরকাশিতে। সময় যত গড়াচ্ছে, ততই নিখোঁজ অভিযাত্রীদের পরিবারের উদ্বেগ বাড়ছে।
জানা গিয়েছে, শেরপা ও সহকারী-সহ মোট ১২ জনের একটি অভিযাত্রী দলের উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে কেদারতাল পর্যন্ত ট্রেকিং করার পরিকল্পনা ছিল। নির্দিষ্ট দিনে গঙ্গোত্রীর বেস ক্যাম্প থেকে রওনা দেয় দলটি।
যাওয়ার পথে প্রায় ৪ হাজার মিটার উচ্চতায় আচমকাই তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে যান দলের অধিকাংশ সদস্য। পরে দলের শেরপা ও সহকারী-সহ মোট চারজন কোনওক্রমে ৩০ অক্টোবর গন্তব্যে পৌঁছন। তাঁরাই দলের বাকি আট সদস্যের নিখোঁজ হওয়ার খবর জানান।
এরপরই উদ্ধারকাজে নামে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভলপমেন্ট অথরিটির হেলিকপ্টারের সাহায্যে রাজ্যের এসডিআরএফ দল গত দু’দিন ধরে হিমালয়ের নির্দিষ্ট ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ আটজনের কোনও খোঁজ মেলেনি।
উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, উচ্চ হিমালয়ের দুর্ঘটনাস্থলে আবহাওয়া প্রতিকূল থাকায় মাঝেমধ্যেই তল্লাশি অভিযান ব্যাহত হচ্ছে। এদিকে সময় যত গড়াচ্ছে, ততই নিখোঁজ অভিযাত্রীদের পরিবারগুলির উদ্বেগ বাড়ছে। প্রশাসনের তরফে পরিবারগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

