Last Updated:
রাজ্যে আগামী ছ’মাসে পুলিশে ব্যাপক নিয়োগের ঘোষণা শুভেন্দু অধিকারীর। ডিসেম্বর মাসে রাজ্য পুলিশে SI ও ASI পদে ১১০০-র বেশি এবং জানুয়ারিতে গঙ্গাসাগর মেলার আগে কলকাতা পুলিশে ৪০০০-এর বেশি কনস্টেবল নিয়োগের আশ্বাস।
কলকাতা: কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর সার্জেন্ট, সশস্ত্র সাব-ইন্সপেক্টর নিয়োগের নিয়োগপত্র কৃতীদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ লালবাজার থেকেই পুলিশের গায়ে হাত তোলা নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘‘আগামী দিনে পুলিশের গায়ে হাত দিলে রক্ত পড়লে যেই হোক তাকে জেলে থাকতে হবে কাস্টোডি ট্রায়াল করাবো’’৷ পুলিশে নিয়োগ নিয়েও বড় বার্তা দিলেন তিনি৷
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ২৭,৫৫৬টি পদের মধ্যে ৬,৩৪৫টি পদে মহিলারা সুযোগ পাবেন বলে জানান শুভেন্দু। নির্বাচিত হয়েছেন ১১,৯০২ জন। পাশাপাশি, আরও ১০,৫৪৪টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আগামী ছ’মাসে পুলিশে ব্যাপক নিয়োগ করা হবে বলে আশ্বাস দেন তিনি। ফায়ার সার্ভিস এবং বন দফতরেও নিয়োগের কথা জানান।
‘‘পুলিশ রিক্রুটময়ন্ট বোর্ডের চেয়ারম্যানের হাত-পা বেঁধে রেখে দেওয়া হয়েছিল আগের সরকারের তরফে। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার সংখ্যা ২৭৫৫৬ এর মধ্যে আমাদের বোনেরা পাবেন ৬৩৪৫ জন। সিলেক্টেড ১১৯০২। বিজ্ঞাপিত হতে চলেছে ১০৫৪৪ টি। আগামী ৬ মাসের মধ্যে পুলিশের ব্যাপক নিয়োগ করব। ফায়ার, ফরেস্ট সব ক্ষেত্রে নিয়োগ করবো’’৷
শুভেন্দু বলেন, বর্তমান সরকারের আমলে যে নিয়োগ হবে, তা নিয়ে আদালতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তাঁর কথায়, “যেতে আপনি পারেন, জিততে দেব না।” নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।
নিয়োগের সময়সীমা জানিয়ে শুভেন্দু বলেন, ডিসেম্বর মাসে রাজ্য পুলিশে SI ও ASI পদমর্যাদায় ১১০০-র বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার আগেই কলকাতা পুলিশে কনস্টেবল পদে ৪০০০-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র দেওয়া হবে।
নবনিযুক্ত পুলিশকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের যিনি ঊর্ধ্বতন আধিকারিক বা বস থাকবেন, তাঁর নির্দেশ মেনে শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। পুলিশে এমন একটি পেশায় তাঁরা যোগ দিয়েছেন, যেখানে ঘড়ির সময় দেখে কাজ করা যায় না। কোনও বোন বা কন্যার সঙ্গে কেউ খারাপ আচরণ করলে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। তাঁদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর বলেও আশ্বাস দেন তিনি।
পুলিশের কল্যাণের কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপের কথাও জানান শুভেন্দু। আগামী কয়েক মাসের মধ্যে ১১২ পরিষেবার জন্য আরও তিনটি গাড়ি এবং তিনটি বাইক দেওয়া হবে। ১১২ পরিষেবার জন্য থানায় থানায় ২০ জনের একটি বাহিনী থাকবে। রাজ্য পুলিশের প্রত্যেকটি থানায় জিম, ওয়াটার পিউরিফায়ার এবং জেনারেটর দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কলকাতা পুলিশের ক্ষেত্রেও এই সুবিধাগুলি খতিয়ে দেখতে সিপি-কে (কমিশনার অফ পুলিশ) বলবেন বলে জানান শুভেন্দু। যদিও তাঁর বক্তব্য, কলকাতায় খুব একটা লোডশেডিং হয় না।

