Last Updated:
IND vs NZ 2nd ODI: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একবার এদিক একবার ওদিক হেললেও ম্যাচের ভাগ্য নিজেদের হাতে রেখে সিরিজে ২-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া৷ ম্যাচ জেতার পর গিল যা বললেন…
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বৃষ্টিবিঘ্নিত পরিস্থিতিতে ডিএলএস নিয়মে ৪ রানে জয় পেয়েছে ভারতীয় দল। এই কষ্টার্জিত জয়ের সুবাদে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল শুভমান গিলের দল। কিউইদের মাত্র ১৩৪ রানে গুটিয়ে দেওয়ার পর জয় সহজ মনে হলেও, শেষ পর্যন্ত ম্যাচটি অত্যন্ত টানটান উত্তেজনায় রূপ নেয়।
ম্যাচ শেষে প্রেজেন্টেশনের সময় ভারতীয় অধিনায়ক শুভমান গিল পিচের কঠিন চরিত্র নিয়ে মুখ খোলেন। তিনি জানান, দলের জয়ে তিনি খুশি হলেও ওয়েলিংটনের এই উইকেটে ব্যাটিং করা মোটেও সহজ ছিল না। প্রতিপক্ষকে কম রানে আউট করার পর লক্ষ্য সহজ মনে হলেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল বলে তিনি স্বীকার করেন।
এদিন তরুণ পেসার গুরনূর ব্রারের বিধ্বংসী বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন গিল। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করা গুরনূরের পারফরম্যান্স তাঁকে ম্যাচসেরার পুরস্কার এনে দেয়। গিলের মতে, দলের তরুণ পেসারদের গতি ও বাউন্স রয়েছে এবং অভিজ্ঞতা বাড়লে তাঁরা আরও বেশি ধারাবাহিক হয়ে উঠবেন।
তবে দলের শেষ মুহূর্তের ব্যাটিং ধস নিয়ে কিছুটা হতাশা ও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে। একসময়ে ১১১ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলায় দলের সমালোচনা করে গিল বলেন, “পিচ সত্যিই বেশ চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমরা শেষ মুহূর্তে আমাদের প্রত্যাশার চেয়ে দুটি উইকেট বেশি হারিয়ে ফেলেছি। যদি আমরা ডিএলএস নিয়মে ম্যাচটি হেরে বসতাম, তবে ওই শেষ দুটি শট মোটেও ভালো দেখাত না। সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি হতে পারত, তবে আমি খুশি যে আমরা শেষ পর্যন্ত জয় তুলে নিতে সফল হয়েছি।”
অবশ্য সব প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক। কঠিন পরিস্থিতিতেও দলের লড়াই করার মানসিকতা তরুণ ব্রিগেডকে আগামী ম্যাচগুলিতে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে ভারত।

