Last Updated:
চোরবাগানের ঘটনার পর ভিড় নিয়ন্ত্রণে AI প্রযুক্তির সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ। কালীপুজোয় ফাটাকেষ্ট মণ্ডপে পরীক্ষামূলকভাবে চালু হল AI পরিচালিত ‘পিপল কাউন্টিং মেশিন’। কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?
কলকাতা: চোরবাগানের মর্মান্তিক ঘটনার পর ভিড় নিয়ন্ত্রণে আরও সতর্ক কলকাতা পুলিশ। উৎসবের মরশুমে বড় পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে পুলিশ। পরীক্ষামূলকভাবে চালু করা হল AI পরিচালিত ‘পিপল কাউন্টিং মেশিন’ ব্যবস্থা। কালীপুজোয় ফাটাকেষ্ট মণ্ডপে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ সফল হলে আগামী দিনে শহরের অন্যান্য বড় পুজো মণ্ডপেও এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে পুলিশের।
এই প্রযুক্তির সাহায্যে মণ্ডপের ভিতরে দর্শনার্থীর সংখ্যা প্রতি মুহূর্তে হিসেব রাখা সম্ভব হবে। মণ্ডপের প্রবেশপথের উপরে বসানো থাকবে AI পরিচালিত বিশেষ ক্যামেরা। সেই ক্যামেরার মাধ্যমে গণনা করা হবে, কতজন দর্শনার্থী মণ্ডপে প্রবেশ করছেন। প্রতিটি মণ্ডপের ধারণক্ষমতা অনুযায়ী আগে থেকেই নির্দিষ্ট করে দেওয়া হবে, একসঙ্গে কতজন দর্শনার্থী ভিতরে থাকতে পারবেন।
মণ্ডপের পাশে থাকবে একটি মনিটরিং রুম। সেখানকার কম্পিউটার মনিটরে দেখা যাবে, মণ্ডপের ভিতরে এই মুহূর্তে কতজন দর্শনার্থী রয়েছেন এবং আরও কতজন প্রবেশ করতে পারবেন।
ধরা যাক, কোনও মণ্ডপে একসঙ্গে ২০০ জন দর্শনার্থীর প্রবেশের অনুমতি রয়েছে। সেখানে ১৫০ জন প্রবেশ করলে আরও ৫০ জনের জায়গা রয়েছে বলে জানিয়ে দেবে সিস্টেম। সেই অনুযায়ী মনিটরে দেখা যাবে সবুজ সংকেত। দর্শনার্থীর সংখ্যা নির্ধারিত সীমার কাছাকাছি পৌঁছলে সংকেতের রং বদলে হবে হলুদ। আর ২০০ জনের নির্ধারিত সীমা পূর্ণ হয়ে গেলেই জ্বলে উঠবে লাল সংকেত। তখনই মণ্ডপে নতুন করে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করতে হবে।
ভিতরের ভিড় কমে গেলে ফের নতুন দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া যাবে। অর্থাৎ, প্রতি মুহূর্তে দর্শনার্থীর সংখ্যা অনুযায়ী আপডেট দিতে থাকবে এই প্রযুক্তি। কলকাতা পুলিশের পরিকল্পনা অনুযায়ী, সন্ধে ৬টা থেকে এই যন্ত্র চালানোর কথা।
শুধু মণ্ডপের ভিতরে ভিড়ের পরিমাণ নির্ধারণই নয়, কতজন দর্শনার্থী প্রবেশ করলেন এবং কতজন প্রতিমা দর্শন করে বেরিয়ে গেলেন, সেই হিসেবও রাখতে পারবে এই প্রযুক্তি। ফলে কোনও মণ্ডপে ভিড়ের চাপ কতটা বাড়ছে, তা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন পুলিশকর্মীরা। সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়াও সম্ভব হবে।
চোরবাগানের ঘটনার পর উৎসবের মরশুমে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশ। ফাটাকেষ্ট মণ্ডপে পরীক্ষামূলকভাবে চালু হওয়া AI পরিচালিত এই পিপল কাউন্টিং মেশিন কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর। এই উদ্যোগ সফল হলে আগামী দিনে কলকাতার বড় পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই প্রযুক্তি।

