Last Updated:
উত্তর প্রদেশ নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে অযোধ্যার রাম মন্দির৷ ভোটের কয়েকমাস আগেই বড় সিদ্ধান্ত নিলেন অখিলেশ৷
তৈরি হওয়ার তিন বছর পর অবশেষে রাম মন্দিরে যাচ্ছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব৷ উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে আগামী ১২ ডিসেম্বর রাম মন্দিরে পা রাখবেন অখিলেশ৷
তিন বছর আগে অযোধ্যার রাম মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হয়েছিল৷ আমন্ত্রণ পেয়েও সেদিন প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে হাজির হননি অখিলেশ যাদব৷ নিজের দলের নেতাদেরও রাম মন্দিরে যাওয়া থেকে বিরত রেখেছিলেন অখিলেশ৷
এতদিন এড়িয়ে চললেও শেষ পর্যন্ত বিধানসভা ভোটের কয়েক মাস আগে অখিলেশের এই সিদ্ধান্ত আসলে রাম মন্দির এবং অযোধ্যা নিয়ে সমাজবাদী পার্টির অবস্থান বদল হিসেবেই দেখছে রাজনৈতিক মহল৷ এমন কি, উত্তর প্রদেশের বিধানসভার অধ্যক্ষ সতীশ মাহানার উদ্যোগে বিভিন্ন দলের বিধায়কদের রাম মন্দির সফরে নিয়ে যাওয়া হলেও তাতে অংশ নেননি সমাজবাদী পার্টির বিধায়করা৷ এতদিন রাম মন্দির নিয়ে অখিলেশ এবং সমাজবাদী পার্টির এই অবস্থানকে রাজনৈতিক আক্রমণ করতে ছাড়েনি বিজেপি-ও৷
ফলে আগামী ১২ ডিসেম্বর অখিলেশের রাম মন্দির যাত্রার পিছনে ভোটের অঙ্কই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷
শুধু উত্তর প্রদেশ নয়, গোটা দেশেই বিজেপি-র অন্যতম রাজনৈতিক প্রচারের হাতিয়ার ছিল রাম মন্দির নির্মাণ৷ মন্দির তৈরি হওয়ার পর সেই সাফল্যও লোকসভা সহ বিভিন্ন রাজ্যের নির্বাচনের প্রচারে কাজে লাগিয়েছে বিজেপি৷ বলার অপেক্ষা রাখে না, উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনেও বিজেপি-র প্রচারের বড় অংশ জুড়ে থাকবে রাম মন্দির৷ এই পরিস্থিতিতে রাম মন্দিরকে এখনও এড়িয়ে যাওয়া অখিলেশের কাছে ভোটের আগে বড় ঝুঁকির হতে পারত৷ সবদিক বিবেচনা করেই সম্ভবত তাই তিন বছরের পণ ভাঙলেন সমাজবাদী পার্টির প্রধান৷

