Last Updated:
Diwali Candle: চিরাচরিত বাতি ব্যবসায় উদ্ভাবনী চিন্তার ছোঁয়া! হাওড়ার তাপস সামন্ত তৈরি করছেন প্রায় ৩০-৩২ রকমের বাহারি বাতি। ২৪ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় তৈরি হয়েছে এইসব নতুন বাতি। উৎসবের মরশুমে বিশেষ আকর্ষণ মোদক ও লাড্ডু বাতি।
হাওড়া, রাকেশ মাইতি: চিরাচরিত ব্যবসায় নতুনত্বের ছোঁয়া, ৩০-৩২ রকমের বাতি তৈরি করে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন হাওড়ার তাপস বাবু। চেনা ব্যবসার গণ্ডি পেরিয়ে নতুনত্বের হাত ধরে স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছেন হাওড়ার তাপস সামন্ত। দীর্ঘ ২৪ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিরাচরিত বাতি তৈরির প্রথায় এনেছেন আমূল পরিবর্তন। বাতির সাধারণ পরিচিত নকশার বাইরে বেরিয়ে তৈরি করছেন প্রায় ৩০-৩২ রকমের বাহারি বাতি। তাঁর এই অভিনব উদ্যোগ শুধু ক্রেতাদের আকর্ষণই বাড়াচ্ছে না, বরং ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকও তুলে ধরছে।
সাধারণত উৎসব-পার্বণে মাটির বাতির চাহিদা থাকলেও বাজারে প্রতিযোগিতাও কম নয়। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রয়োজন নতুন ভাবনা এবং ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্যের বৈচিত্র্য। এই বিষয়টিকেই ব্যবসার মূল হাতিয়ার করেছেন তাপস। বিভিন্ন আকার, নকশা ও মডেলের বাতি তৈরি করে বাজারে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন তিনি। গতানুগতিক পণ্যের বদলে অভিনব সামগ্রী তৈরি করাই তাঁর ব্যবসার অন্যতম বিশেষত্ব।
তাপসের ২৪ বছরের ব্যবসায়িক পথচলা বুঝিয়ে দেয়, স্বনির্ভর হতে হলে শুধু পুঁজি নয়, প্রয়োজন সৃজনশীল চিন্তাভাবনা, পরিশ্রম এবং সময়ের সঙ্গে বাজারের চাহিদা বোঝার ক্ষমতা। বড় কোনও পরিকাঠামো ছাড়াও নিজস্ব দক্ষতা ও নতুন পণ্যের ভাবনাকে কাজে লাগিয়ে কীভাবে ব্যবসায়িক পরিচিতি তৈরি করা যায়, তাপস বাবুর উদ্যোগ এক উদাহরণ। চিরাচরিত পেশার মধ্যেও নতুনত্বের সংযোজন যে স্বনির্ভরতার পথ খুলে দিতে পারে, তাপস সামন্তের ব্যবসায়িক উদ্যোগ সেই বার্তাই দিচ্ছে।
