Headlines

Madhya Pradesh Cop Hit-And-Run Case: মধ্যপ্রদেশে জোড়া এনকাউন্টার! পুলিশ অফিসারকে পিষে দেয় ট্রাক, সার্ভিস রিভলভার ছিনিয়ে পালাতে গিয়ে গুলিতে জখম দুই অভিযুক্ত | লেটেস্ট দেশের খবর


Last Updated:

Madhya Pradesh Cop Hit-And-Run Case: পুলিশের দাবি, ধীরজকে গুলি চালানো বন্ধ করতে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা উপেক্ষা করায় আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে তাঁর এক পায়ে গুলি লাগে। আহত ধীরজকে দেওয়াস জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধ্যপ্রদেশে জোড়া এনকাউন্টার (AI Generated image)
মধ্যপ্রদেশে জোড়া এনকাউন্টার (AI Generated image)

মধ্যপ্রদেশ: থানার ইনচার্জকে ট্রাকের চাকায় পিষে খুনের অভিযোগে ধৃত দুই অভিযুক্ত পৃথক এনকাউন্টারে গুলিবিদ্ধ হলেন। মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের দেওয়াসে এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, হেফাজত থেকে পালানোর চেষ্টা করে দুই অভিযুক্তই পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালান। পাল্টা আত্মরক্ষায় গুলি চালায় পুলিশ। দু’জনেরই পায়ে গুলি লেগেছে।

কী ভাবে মৃত্যু পুলিশ আধিকারিকের?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে অবৈধ মদ পাচারের খবর পেয়ে ইন্দোর-বেতুল জাতীয় সড়কে পৌঁছন থানার ইনচার্জ দিলীপ পুরী। তাঁর সঙ্গে ছিল পুলিশের একটি দল। গুজরাতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ১,৮০০ লিটারেরও বেশি মদ। সেই সময় মদ বোঝাই একটি ট্রাক আটকান দিলীপ। চালককে জিজ্ঞাসাবাদের চেষ্টা করতেই পালানোর চেষ্টা করেন তিনি। অভিযোগ, সেই সময় ট্রাকটি রাস্তার ডিভাইডারের উপর তুলে দেন চালক। ট্রাকের পিছনের চাকা দিলীপ পুরীর উপর দিয়ে চলে যায়। মৃত্যু হয় ওই পুলিশ আধিকারিকের।

আরও পড়ুন: দুবাই থেকে টুলু মণ্ডলকে ফেরার নির্দেশ, কতদিন সময়? রক্ষাকবচ দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

পুলিশি এনকাউন্টার…

পুলিশ সুপার আদিত্য মিশ্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ঘটনার পর থেকে পলাতক ছিলেন ট্রাকচালক গজেন্দ্র ওরফে আক্কু রাওয়াত (২৮)। আলিরাজপুর জেলা থেকে তাঁকে আটক করা হয়। দেওয়াসে নিয়ে যাওয়ার পথে বরোঠা থানা এলাকায় পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করেন তিনি। অভিযোগ, এক পুলিশকর্মীর রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান গজেন্দ্র। পাল্টা গুলিতে তাঁর এক পায়ে আঘাত লাগে। প্রথমে দেওয়াস জেলা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে ইন্দোরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অন্যদিকে, দেওয়াসের সিটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (সিএসপি) সুমিত আগরওয়াল জানিয়েছেন, ঘটনার সময় ট্রাকে গজেন্দ্রর সঙ্গে উপস্থিত ছিলেন ধীরজ নামে আরও এক ব্যক্তি। তাঁকেও গ্রেফতার করা হয়। অভিযোগ, গ্রেফতারের পর দেওয়াসের ব্যাঙ্ক নোট প্রেস থানা এলাকায় পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করেন ধীরজ। এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান তিনি। পুলিশের দাবি, ধীরজকে গুলি চালানো বন্ধ করতে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা উপেক্ষা করায় আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে তাঁর এক পায়ে গুলি লাগে। আহত ধীরজকে দেওয়াস জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *