Last Updated:
Scented Candles Business: হলদিয়ার কাষ্ঠখালি এলাকার বাসিন্দা সুনন্দা মণ্ডল দাস সুগন্ধি মোমবাতি তৈরি করে সফল উদ্যোক্তা হয়েছেন। তাঁর এই উদ্যোগ এখন পূর্ব মেদিনীপুর ছাড়িয়ে অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছে।
সৈকত শী, হলদিয়া: দীপাবলি মানেই হাজার হাজার প্রদীপের আলোয় অন্ধকার দূর করে আলোর উৎসব। তবে এবছর কালীপুজো ও দীপাবলিতে আলোর পাশাপাশি ঘর মাতাচ্ছে নানা রঙের সুগন্ধি মোমবাতি বা ‘সেন্টেড ক্যান্ডেল’। উৎসবের মরসুমে বাজারে এই মোমবাতির চাহিদাও তুঙ্গে। আর সেই চাহিদাকে কাজে লাগিয়েই নিজের সৃজনশীলতা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে সাফল্যের নতুন দিশা দেখাচ্ছেন হলদিয়ার কাষ্ঠখালি এলাকার বাসিন্দা সুনন্দা মণ্ডল দাস। পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা সুনন্দা আজ নিজের পাশাপাশি অন্য মহিলাদেরও স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন।
একসময় শখের বশে নিজের ঘর সাজাতে সুগন্ধি মোমবাতি তৈরি করতেন তিনি। সেই ভালো লাগা থেকেই ধীরে ধীরে শুরু হয় তাঁর উদ্যোগ। প্রথমে নিজের তৈরি মোমবাতি আত্মীয়স্বজন ও পরিচিতদের উপহার দিতেন। কিন্তু সময়ের সঙ্গে সেই শখই পরিণত হয় সফল ব্যবসায়। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার গণ্ডি পেরিয়ে তাঁর তৈরি মোমবাতির চাহিদা ছড়িয়েছে ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডের মতো রাজ্যেও।
বিশেষ করে দীপাবলির মরসুমে অনলাইন অর্ডারের চাপ কয়েক গুণ বেড়ে গিয়েছে। ফলে রাত জেগে কাজ করতে হচ্ছে সুনন্দা ও তাঁর সহযোগীদের। ল্যাভেন্ডার, রোজ, ভ্যানিলা, স্যান্ডালউড কিংবা লেমন—বিভিন্ন সুবাসের পাশাপাশি নানা রং ও আকৃতির মোমবাতি তৈরি করেন তিনি। এই মোমবাতি জ্বালালেই ঘরের কোণে ছড়িয়ে পড়ে মায়াবী আলো ও স্নিগ্ধ সুবাস।
শুধু দীপাবলি নয়, জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা অন্য কোনও বিশেষ অনুষ্ঠানের জন্যও গ্রাহকদের পছন্দ ও রুচি অনুযায়ী মোমবাতি তৈরি করে দেন সুনন্দা। তাঁর উদ্যোগের অন্যতম বিশেষত্ব, প্রতিটি মোমবাতিই পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি।
নিজের এই উদ্যোগ সম্পর্কে সুনন্দা জানান, শখ থেকেই কাজের শুরু। তবে বর্তমানে এটি তাঁর উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। বাড়িতে বসেই কাজ করতে পারায় একদিকে যেমন পরিবারকে সময় দিতে পারছেন, অন্যদিকে তেমনই অন্যান্য মহিলাদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছেন তিনি। ইতিমধ্যেই তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে স্থানীয় কয়েকজন মহিলা ছোট পরিসরে নিজেদের ব্যবসা শুরু করেছেন।
সুনন্দার এই সাফল্য শুধু একটি ব্যবসায়িক উদ্যোগের গল্প নয়, বরং ঘরে বসে নিজের প্রতিভা ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্বনির্ভর হতে চাওয়া বহু মহিলার কাছে অনুপ্রেরণা। ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে সামান্য পুঁজিতেও যে নিজের পরিচিতি তৈরি করা সম্ভব, হলদিয়ার এই শিক্ষিকা যেন সেই বার্তাই দিচ্ছেন। এবারের দীপাবলিতে আলোর উৎসবের সঙ্গে তাই মিশে থাকছে তাঁর হাতে তৈরি সুগন্ধি মোমবাতির মিষ্টি সুবাস।
