Last Updated:
Mohammed Shami Retires: টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। ৬৪টি টেস্ট ম্যাচে ২২৯টি উইকেট নিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন তারকা পেসার। ২০১৩ সালে ইডেন গার্ডেন্সে হয়েছিল তাঁর টেস্ট অভিষেক।
কলকাতা: ২০১৩ সালে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল। তার পরে কেটে গিয়েছে এক দশকেরও বেশি সময়। শুক্রবার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি।
২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ছিল ভারতের হয়ে শামির শেষ টেস্ট ম্যাচ। এরপর রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলে আর প্রত্যাবর্তন করা হয়নি। শেষ পর্যন্ত টেস্ট কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিলেন তিনি। ভারতের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলে মোট ২২৯টি উইকেট নিয়েছেন শামি।
শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা জানিয়ে শামি লেখেন, “সাদা জার্সিকে বিদায় জানাচ্ছি, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলিকে কখনওই নয়। 🇮🇳❤️ প্রথমবার যখন ভারতের টেস্ট জার্সি পরেছিলাম, তখন একটাই স্বপ্ন ছিল—নিজের দেশের জন্য কিছু করে দেখানোর।…”
আধুনিক যুগের ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ও শক্তিশালী পেসার হিসেবেই টেস্ট কেরিয়ার শেষ করলেন শামি। নিখুঁত সোজা সিম পজিশন এবং যে কোনও পিচে বল সুইং করানোর অসাধারণ দক্ষতার জন্য পরিচিত ছিলেন তিনি। প্রায় এক দশক ধরে ভারতের পেস বোলিং আক্রমণের অন্যতম প্রধান ভরসা ছিলেন এই ডানহাতি পেসার।
২০১৩ সালে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই নিজের জাত চিনিয়েছিলেন শামি। সেই ম্যাচে মোট ৯টি উইকেট নিয়েছিলেন তিনি। গোটা টেস্ট কেরিয়ারে ছ’বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। ২০১৮ সালে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৬ রানে ৬ উইকেট নেওয়াই টেস্টে তাঁর সেরা বোলিং পারফরম্যান্স।
শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে শামির। যার মধ্যে উল্লেখযোগ্য ২০২১ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৫৬ রানের ইনিংস। তাঁর সেই গুরুত্বপূর্ণ ইনিংস ভারতকে স্মরণীয় জয়ের ভিত গড়ে দিতে সাহায্য করেছিল।
টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক পেরনো পঞ্চম ভারতীয় পেসার শামি। অবসর ঘোষণার বিবৃতিতে বিসিসিআই এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। কেরিয়ারের প্রতিটি পর্যায়ে তাঁদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।
শামি লেখেন, “বিসিসিআই এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকেও আন্তরিক ধন্যবাদ। তাঁরা আমার প্রতিভার উপর বিশ্বাস রেখেছেন, এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আমার ক্রিকেটজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
৩৬ বছর বয়সি শামি লাল বল থেকে অবসর নিলেও একদিনের এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন বলে সূত্রের খবর। নিজের ফিটনেসের প্রয়োজনে রঞ্জি ট্রফিতে খেলা চালিয়ে যেতে পারেন। তবে দেশের হয়ে আর লাল বল ক্রিকেট খেলবেন না। সাম্প্রতিক সময়ে, তাঁকে টেস্ট দলে ফেরানোর দাবি উঠলেও বারবার বঞ্চিত থেকে গিয়েছেন। অবশেষে টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শামি। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং এই রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-কে ধন্যবাদ জানিয়ে তিনি।

