Last Updated:
তিন দিনের সফরে গত বৃহস্পতিবার বর্ধমানে পৌঁছন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত৷
বর্ধমান: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে (আরএসএস) আরও সর্বস্পর্শী হতে হবে। যত বেশি সম্ভব মানুষের মন ছুঁতে হবে। শুক্রবারের বিশেষ বৈঠকে এই বার্তাই দিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। বর্ধমানের উল্লাসে নতুন ভবনে দিনভর বৈঠক সেরে সন্ধ্যায় উল্লাসের মধ্যবঙ্গ প্রান্ত কার্যালয়ে ফিরে আসেন সঙ্ঘ প্রধান।
শুক্রবার সকাল থেকে মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ প্রান্তের সংগঠকদের সঙ্গে বৈঠক করেন তিনি। মধ্যাহ্নভোজের জন্য সামান্য বিরতি ছাড়া সকাল থেকে শেষ বিকেল পর্যন্ত দফায় দফায় বৈঠক চলে। আরএসএস-এর ক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু জানান, সঙ্ঘ পরিবারের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সংগঠন বিস্তারের বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। তাঁর কথায়, মোহন ভাগবত সঙ্ঘ পরিবারের প্রধান। তিনটি প্রান্তের স্বয়ংসেবকরাই তাঁর বার্তা শুনেছেন।
বৃহস্পতিবার তিন দিনের সফরে রাজ্যে এসেছেন মোহন ভাগবত। ওই দিন বিকেলে একটি স্কুলে স্বয়ংসেবকদের একত্রিকরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাতে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়।
এরপর শুক্রবার ছিল সঙ্ঘের মূল সাংগঠনিক বৈঠক। আরএসএস সূত্রে জানা গিয়েছে, সেখানে সংগঠনের সাংগঠনিক রদবদল এবং বিস্তারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা-সহ এ রাজ্যে কত শাখা বৃদ্ধি পেয়েছে, সেই সমস্ত তথ্য নেওয়ার কথা ছিল মোহন ভাগবতের। এ ছাড়াও, আগামী এক বছরের কার্যক্রম সম্পর্কেও সংগঠনকে নির্দেশ দেওয়ার কথা ছিল তাঁর।
আগামিকাল বর্ধমান থেকে কলকাতায় ফেরার কথা সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের৷ সেখান থেকে ঝাড়সুগুদায় যাওয়ার কথা তাঁর৷

