Last Updated:
SRFTI Campus: SRFTI-তে পড়ুয়া-কর্তৃপক্ষ সংঘাতের জের, ৬ পড়ুয়াকে রাস্টিকেটের নোটিস, ২৫টির বেশি শোকজ।
কলকাতা: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) অচলাবস্থা আপাতত কাটছে না। আগামী ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ইনস্টিটিউটে নিয়ন্ত্রক ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জারি করা নোটিসে ১৬ অক্টোবরের আগের নির্দেশিকার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে। ফলে আপাতত বন্ধ থাকছে প্রতিষ্ঠানের স্বাভাবিক পঠনপাঠন ও অন্যান্য অ্যাকাডেমিক কার্যক্রম।
নির্দেশিকা অনুযায়ী, ফিল্ম উইং এবং ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া (EDM) উইংয়ের সমস্ত নিয়মিত ক্লাস ও অ্যাকাডেমিক কাজ বন্ধ থাকবে। ইনস্টিটিউটের ক্যাম্পাস এবং হস্টেল-সহ সমস্ত প্রাঙ্গণ খালি রাখার নির্দেশও বহাল রয়েছে। একইসঙ্গে ১১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে হস্টেলের মেস পরিষেবা। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ও আইনি পদক্ষেপ করা হতে পারে বলে জানানো হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসের ভিতরে পড়ুয়াদের সঙ্গে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সংঘর্ষের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বহিরাগতদের প্রবেশ বন্ধ এবং পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে পড়ুয়ারা ক্লাস বয়কট শুরু করেন। ৪ অক্টোবর ক্যাম্পাসের বাইরে একটি হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের পর পরিস্থিতি আরও জটিল হয়। উপাচার্যের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থানেও বসেন পড়ুয়ারা। পরে ১৩ নভেম্বর পর্যন্ত পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এদিকে, পড়ুয়া ও শিক্ষকদের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ। দুই চুক্তিভিত্তিক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে এবং পাঁচজন রিসোর্স পার্সনের কাজ বন্ধ করা হয়েছে। একজন শিক্ষককে শোকজ নোটিস দেওয়া হয়েছে। পড়ুয়াদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৫টির বেশি শোকজ নোটিস জারি হয়েছে। এর মধ্যে আগে ১৪টি এবং বৃহস্পতিবার ১১টির বেশি নোটিস দেওয়া হয়েছে। এছাড়া ছ’জন পড়ুয়াকে রস্টিকেট করার নোটিস দেওয়া হয়েছে এবং একটি এফআইআর দায়ের হয়েছে।

