Headlines

Suvendu Adhikari: ‘কথা রাখতে বারবার উত্তরবঙ্গে আসব’, বাগডোগরায় দাঁড়িয়ে জানালেন শুভেন্দু! চা শ্রমিকদের দীপাবলির উপহার ঘোষণা | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

উত্তরবঙ্গ সফরে গিয়ে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রাজবংশী ও কামতাপুরি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত মেগা র‍্যালিতে যোগ দেবেন তিনি।

বাগডোগরায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বাগডোগরায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শিলিগুড়িঃ আজ ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। উত্তরবঙ্গে কথা দিয়েছিলাম, সেই কথা রাখতেই বারবার আসব। বাগডোগরা বিমানবন্দরে নেমে এমনই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উত্তরবঙ্গে বারবার আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথা রাখতেই ফের উত্তরবঙ্গে এসেছেন তিনি। আগামী ১৮ নভেম্বর আলিপুরদুয়ারের কুমারগ্রামে জনজাতি গৌরব দিবস ও বীরসা মুন্ডার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি, আগামী ২৪ নভেম্বর কোচবিহারে রাস উৎসবের উদ্বোধনেও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

এদিন বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির মহামিছিল নিয়েও মুখ খোলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিরোধীরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে, তার প্রতিবাদেই দেশজুড়ে মহামিছিলের আয়োজন করেছে বিজেপি। দলের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তে ১০০-র বেশি মিছিল এবং ১৩৪টি বড় মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। গণতন্ত্র বাঁচাতেই এই কর্মসূচি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কের মিছিলে প্রায় ২৫ হাজার মানুষ অংশ নেবেন।

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েও একাধিক কর্মসূচির কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তরবঙ্গের উন্নয়নের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এদিন উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গের জেলাগুলিতে গিয়ে কাজের পর্যালোচনা করবেন বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, প্রথম দিন থেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, মাসে দু’বার উত্তরবঙ্গে আসবেন। সেই প্রতিশ্রুতি মেনেই কাজের প্রয়োজনে বারবার উত্তরবঙ্গে আসবেন তিনি।

এদিন চা শ্রমিকদের জন্য দীপাবলির উপহারের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ২০২৩ সাল থেকে যে চা বাগানগুলি বন্ধ রয়েছে, সেখানকার প্রায় ১৯ হাজার ৪০০ জন শ্রমিককে ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য এবং ৫০ কেজি চাল দেওয়া হবে। উত্তরকন্যা থেকেই এই কর্মসূচির সূচনা করবেন তিনি। দীপাবলির উপহার হিসেবেই এই সাহায্য দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও উত্তরকন্যা থেকে আরও কয়েকটি কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি, বিরোধীদের অপপ্রচারের অভিযোগ তুলে তাঁদেরও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

সেখান থেকে সড়কপথে সরাসরি উত্তরকন্যায় যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। বৈঠকে উত্তরবঙ্গের সব জেলার প্রশাসনিক কর্তারা উপস্থিত থাকবেন। অন্যান্য জেলার প্রশাসনিক আধিকারিকরা ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন।

প্রশাসনিক বৈঠকের পর রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর শিলিগুড়ির বিশিষ্টজনেদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে। সব বৈঠক শেষে সরাসরি বাঘাযতীন পার্কে পৌঁছবেন তিনি। সেখানে মেগা র‍্যালিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত হবে এই র‍্যালি। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ‘বাঘাযতীন পার্ক চলো’ স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই মিছিল।

মুখ্যমন্ত্রীকে বিশেষ উপহার

এদিকে, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে রাজবংশী সম্প্রদায়ের পক্ষ থেকে বিশেষ উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর হাতে রাজবংশী সম্প্রদায়ের প্রিয় বাদ্যযন্ত্র দোতারা তুলে দেবেন ধূপগুড়ি পঞ্চানন স্মারক সমিতির প্রতিনিধিরা। রাজবংশী শিল্পী নরেন রায়ের হাতে তৈরি এই দোতারা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।

পাশাপাশি, রাজবংশী ও কামতাপুরি—এই দুই ভাষাকে একযোগে সংবিধানের অষ্টম তফসিলের আওতাভুক্ত করার দাবিও জানাবেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *