Last Updated:
নির্বাচনের সময় কাজের সূত্রে অনেক চালককে নিজের রাজ্যের বাইরে থাকতে হয়। সেই কারণে তাঁদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করার দাবি উঠেছে।
কমার্শিয়াল গাড়ির চালক, পরিবহণকর্মী ও টোল প্লাজার কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানে ১১ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে আবেদন জানাল ভারতীয় মজদুর সংঘ। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে এই দাবিগুলি তুলে ধরেন ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের কেন্দ্রীয় সভাপতি যোগেশ শর্মা। চালকদের সামাজিক সুরক্ষা, আর্থিক নিরাপত্তা এবং পরিবহণ ব্যবস্থায় একাধিক সংস্কারের দাবিতে আগামী ১৯ নভেম্বর দিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনটি।
সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকার চালকদের কল্যাণে ওয়েলফেয়ার বোর্ড তৈরি করলেও তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বহু কমার্শিয়াল গাড়ির চালক। তাই এই বোর্ডের আওতায় চালকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও অন্তর্ভুক্ত করতে হবে। চালকদের জন্য বছরে ৩৫০০ টাকার ফাস্ট্যাগ ব্যবস্থার সুবিধা কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রেও চালু করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ৬ ফেব্রুয়ারি ‘ড্রাইভার ডে’ ঘোষণা করার প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।
তিন চাকার অটো ও ই-রিকশাকে লাইসেন্সের আওতায় আনার দাবি জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, দুর্ঘটনার ক্ষেত্রে চালক ও যাত্রীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই ব্যবস্থা জরুরি। একইসঙ্গে উবের বাইকের মতো বাণিজ্যিকভাবে ভাড়ায় চলা বাইক ও গাড়িকে হলুদ নম্বর প্লেটের আওতায় আনার দাবি উঠেছে।
জাতীয় সড়কে প্রতি ৫০ কিলোমিটার অন্তর চালকদের জন্য বিশ্রামাগার এবং সরকারি ক্যান্টিন তৈরির প্রস্তাবও রয়েছে ১১ দফা দাবিতে।
মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালুর ফলে বেসরকারি বাস, অটো ও পরিবহণকর্মীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ সংগঠনের। এই পরিস্থিতিতে চালকদের বছরে ১২ হাজার টাকা আর্থিক সহায়তা এবং মাসে এক হাজার টাকা বোনাস দেওয়ার দাবি জানানো হয়েছে। সংগঠনের দাবি, তেলেঙ্গানায় আর্থিক সংকটের কারণে ১০০ জন চালক আত্মহত্যা করেছেন। পাশাপাশি সমস্ত রাজ্যে একই পরিবহণ নীতি চালু করার দাবিও জানানো হয়েছে।
আগামী ১৯ নভেম্বর কেন্দ্রীয় সরকারের পরিবহণ ও শ্রম দফতরের কাছে চালক এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে দিল্লিতে জমায়েতের ডাক দিয়েছে সংগঠনটি। দেশের বিভিন্ন রাজ্যের চালক ও শ্রমিকদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

