Headlines

পুরোনো রোগ, ইডেনে ফের ব্যাটিং বিপর্যয় বাংলার! মহারাষ্ট্রের বিরুদ্ধে ঘরের মাঠেই হারের আশঙ্কা | লেটেস্ট খেলার খবর


Last Updated:

তৃতীয় দিনের শেষে বাংলার দ্বিতীয় ইনিংসের স্কোর ৪ উইকেটে ৭৬। অর্থাৎ সব মিলিয়ে মাত্র ১ রানের লিড পেয়েছে বাংলা।

ইডেনে ফের ব্যাটিং বিপর্যয় বাংলার
ইডেনে ফের ব্যাটিং বিপর্যয় বাংলার

ঈরণ রায় বর্মন, কলকাতা: ইডেনে মহারাষ্ট্রের বিরুদ্ধে চরম ব্যাটিং বিপর্যয় বাংলার। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ অভিমন্যু ঈশ্বরণরা। ঘরের মাঠে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে এখন হার বাঁচানোই প্রধান লক্ষ্য লক্ষ্মীরতন শুক্লার দলের। প্রথম তিনটি ম্যাচ জিতে দুরন্ত ছন্দে থাকা বাংলা হঠাৎই মহারাষ্ট্রের বিরুদ্ধে খেই হারিয়েছে। সৌজন্যে ব্যাটিং ব্যর্থতা।

প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলা। জবাবে মহারাষ্ট্রের ইনিংস শেষ হয় ২১৮ রানে। ফলে প্রথম ইনিংসে ৭৫ রানের লিড পায় মহারাষ্ট্র। বাংলার হয়ে বল হাতে নজর কাড়েন মহম্মদ শামি। ৩৭ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। দ্বিতীয় দিনের শেষে মহারাষ্ট্রের রান ছিল ৯ উইকেটে ২০৭। বুধবার আরও ১১ রান যোগ করে তাদের ইনিংস। তনয় সাঙ্ঘভি ৬০ রানে অপরাজিত থাকেন। প্রদীপ দাধে করেন ২৭ রান। প্রদীপকে আউট করেই মহারাষ্ট্রের ইনিংসের সমাপ্তি ঘটান শামি।

৭৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ঘুরে দাঁড়াতে পারল না বাংলা। সেই পুরনো রোগ। বাইরের বলে খোঁচা দিয়ে আউট অধিনায়ক। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৯, সুদীপ ঘরামী ১২ এবং সুদীপ চট্টোপাধ্যায় শূন্য রানে আউট হন। চলতি বছর চূড়ান্ত ফ্লপ সুদীপ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটারদের ব্যর্থতা বাংলার চিন্তা বাড়িয়েছে। কিছুটা লড়াই করেন ওপেনার অঙ্কুর পাল। তাঁর সংগ্রহ ৩২ রান। কঠিন পরিস্থিতিতে ফের দলের হাল ধরার চেষ্টা করেন উইকেটকিপার অভিষেক পোড়েল। দিনের শেষে ৪০ বলে ২৩ রান করে অপরাজিত রয়েছেন তিনি। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন সুরজ।

এদিকে, ম্যাচের গতি কমিয়ে দিচ্ছে আবহাওয়ার প্রতিকূলতা। বৃষ্টি এবং খারাপ আলোর কারণে প্রতিদিনই নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ করতে হচ্ছে। বুধবার তৃতীয় দিনে সব মিলিয়ে ৩০ ওভারও খেলা হয়নি। বৃষ্টির জন্য লাঞ্চের পরে খেলা শুরু হয়। যা বিরতির পর কিছুক্ষণের মধ্যে খেলা বন্ধ হয়ে যায়।

একদিকে মহারাষ্ট্রের বোলারদের দাপটে শেষ দিনে ম্যাচ বাঁচানোই প্রধান লক্ষ্য লক্ষ্মীরতন শুক্লার দলের। অভিষেক পোড়েল ও সুরজের জুটির দিকে তাকিয়ে বাংলার সমর্থকরা। ধৈর্য ধরে ব্যাট করে বড় পার্টনারশিপ গড়তে পারলেই হার এড়িয়ে ড্রয়ের মাধ্যমে এক পয়েন্ট পাওয়ার সুযোগ থাকবে বাংলার সামনে। প্রথম তিন ম্যাচ জয়ের পর ঘরের মাঠে এই ম্যাচে পয়েন্ট হারানো আটকাতে শেষ দিনে ব্যাটারদের দায়িত্বশীল ইনিংসই একমাত্র ভরসা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *