Last Updated:
উত্তরকন্যা থেকে বন্ধ, পরিত্যক্ত ও অচল চা বাগানের ১৯ হাজার ৫২৪ জন শ্রমিককে এককালীন ৫ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, চা শ্রমিক পরিবারপিছু ৫০ কেজি চাল দেওয়ার কথা জানান তিনি। বৃদ্ধ ভাতাও মাসিক ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার ঘোষণা করা হয়েছে।
শিলিগুড়িঃ উত্তরবঙ্গ সফরে এসে চা শ্রমিকদের জন্য একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে বন্ধ, পরিত্যক্ত ও অচল চা বাগানের শ্রমিকদের আর্থিক সহায়তার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, ৬০ বছরের কম বয়সি শ্রমিকদের এককালীন ৫ হাজার টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পে উপকৃত হবেন মোট ১৯ হাজার ৫২৪ জন শ্রমিক। উত্তরবঙ্গের ২১টি চা বাগানের শ্রমিকেরা এই সুবিধা পাবেন।
পাশাপাশি, চা শ্রমিক পরিবারপিছু ৫০ কেজি চাল দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানুয়ারি মাস থেকে এই সুবিধা পাওয়া যাবে বলে জানান তিনি। অসমে এই ব্যবস্থা চালু থাকলেও পশ্চিমবঙ্গে আজ থেকেই তা চালু হচ্ছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, দুর্গাপুজো ও ছটপুজো উপলক্ষে এদিন ৫০ কেজি চাল দেওয়া হয়।
এদিন বৃদ্ধ ভাতা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ভিজিরামজির আওতায় বৃদ্ধ ভাতার পরিমাণ মাসিক ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা যাতে যোগ্য উপভোক্তারা পান, তা নিশ্চিত করতে কালিম্পং প্রশাসনকেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আগামী ৯ ও ১০ তারিখ উত্তরবঙ্গে থাকার কথাও জানান তিনি।
এছাড়াও আগামী ১৮ নভেম্বর আলিপুরদুয়ারের কুমারগ্রামে বীরসা মুন্ডার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২৪ নভেম্বর কোচবিহারে রাস উৎসবের উদ্বোধনেও উপস্থিত থাকবেন তিনি। রাস উৎসব ভালোভাবে সাজিয়ে তোলার নির্দেশ দেওয়ার পাশাপাশি বৈষ্ণবদের জন্য শ্রীখোল এবং রাজবংশী সম্প্রদায়ের জন্য দোতারা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তাব দেন তিনি।

