Last Updated:
Kalita Maji: মন্ত্রিত্বের ব্যস্ততার মাঝেও মাটির বাড়িতে লক্ষ্মীপুজো, সাধারণ গৃহবধূর ভূমিকায় কলিতা মাজি।
বর্ধমান: রাজ্যের আবাসন দফতরের প্রতিমন্ত্রী তিনি। রাজ্যের মানুষের জন্য সুখী গৃহকোণ গড়ে তোলার ব্যবস্থা করা তাঁর অন্যতম দায়িত্ব। অথচ নিজের বাড়ি সেই মাটিরই তৈরি। মন্ত্রিত্বের গুরুদায়িত্ব সামলেও নিজের মাটির বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতে উঠলেন কলিতা মাজি। একা হাতে সামলালেন পুজোর নানা কাজ। সেই সময় তাঁর পরিচয় মন্ত্রী নয়, বরং এক সাধারণ গৃহবধূ।
বর্তমানে রাজ্যজুড়ে মন্ত্রিত্বের কাজে ব্যস্ত কলিতা মাজি। তবে রাজনৈতিক উত্থান কিংবা প্রশাসনিক দায়িত্ব তাঁকে নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। রাজ্যের আবাসন দফতরের প্রতিমন্ত্রী তথা পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিজেপি বিধায়ককে কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। মন্ত্রীর পরিচয় সরিয়ে রেখে নিজের মাটির বাড়িতে সংসারের কাজেই ব্যস্ত থাকলেন তিনি। ঘরদোর পরিষ্কার করা থেকে শুরু করে পুজোর যাবতীয় প্রস্তুতি, সবই সামলালেন নিজের হাতে।
একসময় অভাবের সংসারের হাল ধরতে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতে হয়েছিল তাঁকে। জীবনের নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের জেদ ও পরিশ্রমের জোরে আজ তিনি রাজ্যের মন্ত্রিসভার সদস্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হওয়ার পর মন্ত্রিত্বের দায়িত্বও সামলাচ্ছেন কলিতা মাজি। কিন্তু তাঁর রাজনৈতিক সাফল্য এবং প্রশাসনিক ব্যস্ততা দৈনন্দিন জীবনযাপনের পরিচিত ছন্দে কোনও পরিবর্তন আনতে পারেনি।
কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে উৎসবের মরশুমে গুসকরায় নিজের মাটির বাড়িতে ফিরেছেন তিনি। পুজোর দিন সকাল থেকেই বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে দেখা যায় মন্ত্রীকে। সরকারি গাড়ি থেকে নেমে প্রথমে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপরই হাতে ঝাঁটা নিয়ে নেমে পড়েন পরিষ্কারের কাজে। ওড়নায় মুখ ঢেকে বাড়ির উঠোন, ঘর এবং সামনের রাস্তা পরিষ্কার করেন তিনি।
শুধু ঘরদোর পরিষ্কার করাই নয়, লক্ষ্মীপুজোর প্রস্তুতির প্রতিটি পর্বেই সক্রিয় ছিলেন কলিতা মাজি। পুজোর সামগ্রী জোগাড় করা, আলপনা দেওয়া, দরজার কোণে সিঁদুর লাগানো থেকে শুরু করে পায়ে আলতা পরা—সবই করেছেন নিজের হাতে। মন্ত্রিত্বের ব্যস্ততার মধ্যেও নিজের বাড়ির পুজোয় কোনও খামতি রাখতে চাননি তিনি। রাজ্যের আবাসন দফতরের প্রতিমন্ত্রী হয়েও মাটির বাড়ির সঙ্গে তাঁর এই নিবিড় সম্পর্ক এবং নিজের হাতে পুজোর প্রস্তুতি নেওয়ার ছবি কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে তাঁর জীবনের অন্য এক দিক তুলে ধরেছে।
শরদিন্দু ঘোষ

