Last Updated:
SSC Teacher Recruitment 2026: এবার চতুর্থ দফার ইন্টারভিউ ও নথি যাচাইয়ের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। কবে থেকে কবে পর্যন্ত চলবে ইন্টারভিউ প্রক্রিয়া? নথি যাচাইয়ের ওয়েবসাইট থেকে যাবতীয় তথ্য প্রকাশ করল SSC
কলকাতা: উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল স্কুল সার্ভিস কমিশন। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এবার চতুর্থ দফার ইন্টারভিউ ও নথি যাচাইয়ের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।
আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে চতুর্থ দফার নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৬টি বিষয়ে এই পর্বে নথি যাচাই, মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমোনস্ট্রেশন নেওয়া হবে। সংশোধিত প্রাথমিক ইন্টারভিউ তালিকায় নতুন করে যাঁদের নাম যুক্ত হয়েছে, মূলত সেই প্রার্থীদেরই এই পর্বে ডাকা হচ্ছে।
প্রসঙ্গত, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় SLST-র প্রাথমিক ইন্টারভিউ তালিকা সংশোধন করেছিল স্কুল সার্ভিস কমিশন। গত ২৮ সেপ্টেম্বর সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় নতুন করে সুযোগ পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ ও নথি যাচাইয়ের প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে কমিশন। এবার তারই চতুর্থ দফার সূচি প্রকাশ করা হল।
ইন্টারভিউয়ের বিষয়ভিত্তিক পদ্ধতি:
বিজ্ঞপ্তি অনুযায়ী, পুষ্টিবিজ্ঞান, রসায়ন, সঙ্গীত, শারীরশিক্ষা, দর্শন, শিক্ষাবিজ্ঞান, সমাজবিদ্যা, কম্পিউটার সায়েন্স, অ্যাকাউন্ট্যান্সি, অ্যাগ্রোনমি-সহ মোট ১৬টি বিষয়ে এই প্রক্রিয়া চলবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা দিন নির্ধারণ করেছে কমিশন।
ইন্টারভিউ ও নথি যাচাই:
আগামী ৭ নভেম্বর থেকে কমিশনের সরকারি ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট প্রার্থীরা। সেখানে ইন্টারভিউ ও নথি যাচাই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
কী কী নির্দেশ কমিশনের :
পাশাপাশি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছে কমিশন। ইন্টারভিউ ও নথি যাচাইয়ের সময় অনলাইন আবেদনে দেওয়া তথ্যের সমর্থনে সমস্ত প্রয়োজনীয় নথি ও শংসাপত্র সঙ্গে রাখতে হবে। কোনও প্রার্থী উপযুক্ত নথি দেখাতে না পারলে তাঁর প্রার্থীপদ বাতিল করতে পারবে কমিশন।
প্রার্থীদের জন্য কী নির্দেশ?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নির্ধারিত দিনে নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়ায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগের পরবর্তী পর্যায়ে আর অংশ নিতে পারবেন না। ফলে নির্ধারিত সূচি মেনে প্রার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়

