Last Updated:
CM Suvendu Adhikari on Panchayat Department Recruitment: পঞ্চায়েত দফতরে ৭১৯০ স্থায়ী পদে নিয়োগ, ১০০০ চুক্তিভিত্তিক কর্মীও নেওয়ার ঘোষণা শুভেন্দুর।
কলকাতা: দায়িত্ব নেওয়ার পর রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাজকর্মে স্বচ্ছতা আনা এবং উন্নয়নের গতি বাড়ানোই নতুন সরকারের অন্যতম লক্ষ্য। বুধবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত দফতরে স্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়োগ থেকে শুরু করে আবাস যোজনা, কর্মসংস্থান এবং নতুন পঞ্চায়েত ভবন নির্মাণ– একাধিক বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
শুভেন্দু অধিকারী জানান, আগের পঞ্চায়েত ব্যবস্থায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং আর্থিক লুটপাট হয়েছে। ভোটের নামে লুট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বহু জায়গায় ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষেরা পঞ্চায়েত পরিচালনা করছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সমস্ত অনিয়ম সংশোধন করে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার চেষ্টা করছে।
জি রামজি প্রকল্পের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় রাজ্যে প্রায় ১২ হাজার কোটি টাকার কাজ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে ৮ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের বরাদ্দ। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে ১২০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তাঁর দাবি, এখনও পর্যন্ত ৬৫ লক্ষ ৬২ হাজার কর্মদিবস তৈরির কাজের অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে।
নতুন সরকারের উদ্যোগে প্রতিদিন ২২ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। কেন্দ্রের দেওয়া ২২ কোটি কর্মদিবসের লক্ষ্যমাত্রা পূরণ এবং বরাদ্দ অর্থের সম্পূর্ণ ব্যবহার করার ব্যাপারেও আশাবাদী তিনি।
নিয়োগের বিষয়ে তিনি জানান, পঞ্চায়েত দফতরে প্রায় ৭১৯০টি স্থায়ী পদে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে। পাশাপাশি, কাজের গতি বজায় রাখতে ১০০০ জনকে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৩ তারিখের মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগে অনুমোদন দেওয়া হবে বলে জানান তিনি।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়

