Last Updated:
Durga Puja 2026 : দুর্গা পুজোতে মন্ত্রী সামলাচ্ছেন ট্রাফিক। রাস্তায় নেমে হেলমেট ছাড়া বাইকারদের বোঝালেন ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা।
কলকাতা : রাস্তায় খোদ মন্ত্রী! বর্ধমানে ট্রাফিক সামলালেন শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। মদ্যপ চালক থেকে হেলমেটহীন বাইকার, কড়া নজরদারির পাশাপাশি সবক শেখালেন।
পুজোর ভিড়ে বেপরোয়া যান চলাচল রুখতে এবার রাস্তায় নামলেন খোদ রাজ্যের প্রতিমন্ত্রী। পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক সামলাতে দেখা গেল বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রকে। কখনও হেলমেটহীন বাইক আরোহীদের থামিয়ে হেলমেট পরার নির্দেশ, কখনও আবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে চালক ও আরোহীদের পুলিশের হাতে তুলে দেওয়া সব মিলিয়ে পুজো দিনে রাস্তায় সক্রিয় ভূমিকায় দেখা গেল মন্ত্রীকে।
দিন রাত এক করে বর্ধমান শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে নজর দিচ্ছেন তিনি। বীরহাটা মোড় থেকে বড়নীলপুর মোড়, এমনকি বর্ধমান স্টেশনের পাশের উড়ালপুলেও ট্রাফিক সামলাতে দেখা যাচ্ছে তাঁকে। পুজোর মরশুমে শহরের রাস্তায় দর্শনার্থীদের ভিড় বাড়ার পাশাপাশি যানবাহনের চাপও বাড়ে। সেই পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনা এড়াতে পুলিশের সঙ্গে মাঠে নামেন মন্ত্রী।
হেলমেট ছাড়া বাইক চালাতে দেখে আর চুপ করে থাকেননি তিনি। বাইক আরোহীদের থামিয়ে হেলমেট পরার নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এই নিয়ম না মানলে জরিমানার মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন। অন্যদিকে, মদ্যপ অবস্থায় চারচাকা চালানোর অভিযোগে কয়েকজন চালক ও আরোহীকে সটান থানায় পাঠানোর ব্যবস্থা করেন তিনি।

