Headlines

গলসিতে হনুমানের তাণ্ডব! কামড়ে-আঁচড়ে জখম ৩৫ জন, আক্রান্ত পুলিশকর্মীরাও | পূর্ব বর্ধমান


Last Updated:

তাঁদের অভিযোগ, কোনওরকম প্ররোচনা ছাড়াই গাছ থেকে নেমে শিশু থেকে বয়স্ক, সবাইকে আক্রমণ করছে হনুমানটি। ফলে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

গলসিতে হনুমানের তাণ্ডব! কামড়ে-আঁচড়ে জখম ৩৫ জন, আক্রান্ত পুলিশকর্মীরাও
গলসিতে হনুমানের তাণ্ডব! কামড়ে-আঁচড়ে জখম ৩৫ জন, আক্রান্ত পুলিশকর্মীরাও

পূর্ব বর্ধমান: গাছ থেকে নেমেই আঁচড়ে-কামড়ে আক্রমণ করছে হনুমান। তার হামলার ভয়ে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন বাসিন্দারা। ছেলেমেয়েরা টিউশন পড়তেও যেতে পারছে না। খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিল পুলিশ। কিন্তু রেহাই পাননি পুলিশকর্মীরাও। খাকি পোশাক পরেও হনুমানের হামলা থেকে বাঁচতে পারেননি তাঁরা। জখম হতে হয়েছে তাঁদেরও। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে।

গলসিতে হনুমানের হামলায় জখম হয়েছেন প্রায় ৩৫ জন। বাদ যাননি পুলিশকর্মীরাও। বৃহস্পতিবার বিকেল থেকেই হনুমানের আতঙ্কে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ, গাছ থেকে নেমেই আচমকা আক্রমণ করছে একটি হনুমান। ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে বন দফতরকে। তবে এখনও পর্যন্ত হনুমানটিকে ধরা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে গলসি বাজার এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। হনুমানের কামড়ে আহতদের ভ্যাকসিন নিতে ভিড় জমেছে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৩৫ জন সেখানে ভ্যাকসিন নিতে এসেছেন।

বর্ধমান বন দফতরের এক আধিকারিক জানান, গলসিতে একটি হনুমানের হামলায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর মিলেছে। রাতের অন্ধকারে হনুমানটিকে ধরা সম্ভব নয়। শুক্রবার সকালে ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হবে। হনুমানটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে। প্রয়োজনে তাকে খাঁচাবন্দি করার উদ্যোগ নেওয়া হবে।

ওই আধিকারিক আরও জানান, অনেক সময় বাসিন্দারা হনুমানের উপর অত্যাচার করেন। তাতে আতঙ্কিত হয়ে দলছুট হনুমান অস্বাভাবিক আচরণ করতে পারে। গলসির ঘটনাতেও এমন কিছু ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার বাসিন্দারা জানান, মাঝেমধ্যেই হনুমানের দল এলাকায় আসে। তা নিয়ে তাঁদের বিশেষ উদ্বেগ নেই। কিন্তু গলসি বাজার এলাকায় একটি হনুমান রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁদের অভিযোগ, কোনও রকম প্ররোচনা ছাড়াই গাছ থেকে নেমে শিশু থেকে বয়স্ক, সবাইকে আক্রমণ করছে হনুমানটি। ফলে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। তাঁদের দাবি, অস্বাভাবিক আচরণ করা হনুমানটিকে দ্রুত ধরে নিয়ে যাক বন দফতর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *