Headlines

Plastic Pollution: বাজারে জিনিস আনতে গিয়ে আর মিলবে না প্লাস্টিক, আমজনতার জন্য বসছে নয়া মেশিন! কয়েন ফেললেই মিলবে ‘সমাধান’ | Administration planning to install cloth bag vending machines across 128 municipalities to curb plastic pollution | পূর্ব বর্ধমান


Last Updated:

Plastic Pollution: প্লাস্টিকের ক্যারিব্যাগ রুখতে রাজ্যজুড়ে অভিনব উদ্যোগ! পুরসভাগুলিতে বসছে কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন। ১০ টাকার কয়েন দিলেই হাতেনাতে মিলবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ। দূষণ রুখতে কড়া পদক্ষেপ পুর ও নগরোন্নয়ন দফতরের।

প্লাস্টিক দূষণ বন্ধ করতে প্রশাসনের বড় উদ্যোগ
প্লাস্টিক দূষণ বন্ধ করতে প্রশাসনের বড় উদ্যোগ

কাটোয়া, বনোয়ারীলাল চৌধুরী: বাজারে যাওয়ার আগে আর প্লাস্টিকের ক্যারিব্যাগের ওপর নির্ভর করা যাবে না। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে এবার বিকল্প হিসেবে শহরবাসীর হাতে তুলে দেওয়া হবে কাপড়ের ব্যাগ। আর সেই ব্যাগ সংগ্রহের জন্য রাজ্যের পুরসভাগুলিতে বসানো হবে বিশেষ ভেন্ডিং মেশিন। কয়েন দিলেই মেশিন থেকে বেরিয়ে আসবে কাপড়ের ব্যাগ। রাজ্যের ১২৮ পুরসভা ও কর্পোরেশনকে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। বিষয়টি নিয়ে পুরসভাগুলির সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, জনসংখ্যার ভিত্তিতেই প্রতিটি শহরে কতগুলি কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হবে, তা নির্ধারণ করা হয়েছে। ৫০ হাজারের মধ্যে জনসংখ্যা রয়েছে এমন পুরসভা এলাকায় একটি মেশিন বসানো যাবে। জনসংখ্যা ১ লক্ষের মধ্যে হলে বসানো যাবে দুটি মেশিন। আর ১ লক্ষের বেশি জনসংখ্যার শহর অথবা কর্পোরেশন এলাকায় ৩ থেকে ৫টি কিংবা তারও বেশি মেশিন বসানো যাবে। প্রতিটি মেশিনের জন্য ৬০ হাজার টাকা করে বরাদ্দ করা হবে। টেন্ডার ডেকে ধাপে ধাপে মেশিন বসানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে পুরসভাগুলি। এই উদ্যোগের আওতায় কাটোয়া শহরেও বসতে চলেছে দুটি কাপড়ের ব্যাগ ভেন্ডিং মেশিন।

আরও পড়ুন: সোমবার থেকেই মন্দিরের গর্ভগৃহ ছাড়ছেন মা তারা, দেবীর নতুন ঠিকানা জানিয়ে দিল মন্দির কমিটি

পুরসভা সূত্রে খবর, একটি মেশিন বসানো হবে বাসস্ট্যান্ডের নেতাজি পৌর মার্কেটের সামনে। অন্যটি, বসানো হবে শহরের ভিতরে। কাটোয়া পুরসভার এগজিকিউটিভ অফিসার চঞ্চল কুমার মণ্ডল বলেন, কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হবে। এমনিতেই প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার নিষিদ্ধ হতে চলেছে। এবার পুরসভার পক্ষ থেকে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে অভিযানও চালানো হবে। পূর্ব বর্ধমান জেলায় আপাতত প্রথম পর্যায়ে তিনটি পুরসভায় এই ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমান পুরসভা এলাকায় বসানো হবে তিনটি মেশিন।

কাটোয়া ও গুসকরা শহরে বসবে ২টি করে মেশিন। অন্যদিকে, পশ্চিম বর্ধমানের আসানসোল কর্পোরেশন এলাকায় বসানো হবে ২০টি কাপড়ের ব্যাগ ভেন্ডিং মেশিন। তার জন্য বরাদ্দ করা হবে ১২ লক্ষ টাকা। অর্থাৎ জনসংখ্যা এবং শহরের পরিসরের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভেন্ডিং মেশিনের সংখ্যা নির্ধারণ করা হচ্ছে। প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য দীর্ঘদিন ধরেই সচেতনতার বার্তা দিয়ে আসছে পলিউশন কন্ট্রোল বোর্ড। তার আগে রাজ্যজুড়ে প্লাস্টিকবিরোধী অভিযানও চালানো হয়েছে। কাটোয়া শহরেও এমন অভিযানে একটি গোডাউন থেকে ৫০ মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ভর্তি মজুত উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, ১২০ মাইক্রনের নীচের প্লাস্টিকও পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘বিশেষ উপহার’, পিএমও-তে পাঠানো হবে শিল্পী বীরেন বসাকের স্পেশাল জামদানি

এবার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ করতে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। শুধু প্লাস্টিকের ব্যবহার কমানো নয়, শহরের পরিবেশ ও নিকাশি ব্যবস্থার উপর তার প্রভাবও রয়েছে। কাটোয়া শহরে ব্যবহারের পর ফেলে দেওয়া প্লাস্টিক নিকাশি নালার মাধ্যমে ভাগীরথীতে গিয়ে পড়ছে। এতে দূষিত হচ্ছে ভাগীরথীর জল। আবার নিকাশির মুখে প্লাস্টিক জমে যাওয়ায় জল ঠিকমতো বের হতেও সমস্যা হচ্ছে। শহরগুলিকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ করছে পুর ও নগরোন্নয়ন সংস্থা, যার মধ্যে বৃক্ষরোপণও রয়েছে। এবার সেই উদ্যোগের সঙ্গে প্লাস্টিকের ব্যবহার রুখতে কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন এবং কড়া নজরদারিকেও যুক্ত করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *