Last Updated:
অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে ACB। সেই ফাঁদে পা দিয়ে অভিযোগকারীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় অভিযুক্ত আধিকারিককে হাতেনাতে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।
কলকাতা: নতুন বিদ্যুৎ সংযোগের জন্য ৩১৫ কেভিএ ট্রান্সফর্মার বসানোর ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে হাতেনাতে ধরা পড়লেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL)-এর নিউ ব্যারাকপুরে কর্মরত এক আধিকারিক। মঙ্গলবার এই অভিযান চালায় পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (ACB)।
ACB সূত্রে খবর, নিউ ব্যারাকপুরের এক বাসিন্দা লিখিত অভিযোগে জানান, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য ৩১৫ কেভিএ ট্রান্সফর্মার বসানোর ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে সংশ্লিষ্ট আধিকারিক তাঁর কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে ACB। সেই ফাঁদে পা দিয়ে অভিযোগকারীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় অভিযুক্ত আধিকারিককে হাতেনাতে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। নিয়ম মেনে উদ্ধার করা হয় ঘুষের সম্পূর্ণ টাকা। অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
দিন কয়েক আগে প্রায় একই অভিযোগ ওঠে বর্ধমানে৷ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির (EWS) শংসাপত্র পেতে তিন মাস ধরে ভূমি ও ভূমি সংস্কার দফতরে ঘুরেও কাজ হয়নি বলে অভিযোগ করেন এক যুবক। সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েও মিলছিল না সার্টিফিকেট। অভিযোগ, শেষ পর্যন্ত কাজ দ্রুত করিয়ে দেওয়ার জন্য তাঁর কাছে পাঁচ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। পরে ফোনে দর কষাকষির মাধ্যমে চার হাজার টাকায় রফা হয়। কিন্তু মেরুদণ্ড সোজা রেখে দুর্নীতির কাছে মাথা নত করেননি ওই যুবক। সরাসরি যোগাযোগ করেন কলকাতার অ্যান্টি করাপশন ব্রাঞ্চের সঙ্গে। তাঁদের পাতা ফাঁদেই ঘুষ নিতে গিয়ে সেদিন হাতেনাতে ধরা পড়েথিলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের এক আধিকারিক। তার দিন চারেক পরেই প্রায় একইরকমের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য৷

