Last Updated:
Flight : ভিডিও প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ পাইলটের উদ্যোগের প্রশংসা করেছেন। যাত্রীদের মধ্যে বিমানযাত্রা নিয়ে থাকা ভয় দূর করতে প্রয়োজনীয় তথ্য তুলে ধরার জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন অনেকে।
কলকাতা : বৃষ্টির মধ্যে বিমান সফর করতে অনেক যাত্রীই ভয় পান। তাঁদের মনে প্রশ্ন জাগে, বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গেলে পাইলটদের বিমান চালাতে সমস্যা হয় কি না! এই ধরনের উদ্বেগ দূর করতে ইন্ডিগোর পাইলট ক্যাপ্টেন প্রদীপ কৃষ্ণন জানিয়েছেন, বৃষ্টির আবহাওয়াতেও বিমানে যাতায়াত নিরাপদ। কারণ, প্রতিকূল আবহাওয়ায় বিমান চালানোর জন্য পাইলটদের কাছে রয়েছে বিশেষ কিছু যন্ত্র ও প্রযুক্তি।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ক্যাপ্টেন কৃষ্ণন জানান, ককপিটের বাইরে দৃশ্যমানতার উপর নির্ভর করতে না পারলেও বিশেষ ফ্লাইট ইনস্ট্রুমেন্টের সাহায্যে পাইলটরা নিরাপদে বিমান চালাতে পারেন। বৃষ্টির মধ্যে বিমান চালানোর সময় কোন কোন সরঞ্জাম কাজে লাগে, ভিডিওতে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন তিনি।
গাড়ির মতো বিমানেও ওয়াইপার থাকে। ক্যাপ্টেনের ব্যাখ্যা অনুযায়ী, বিমানের ওয়াইপার সাধারণত টেক-অফ এবং ল্যান্ডিংয়ের সময় ব্যবহার করা হয়। বৃষ্টির মধ্যে সামনের কাচ পরিষ্কার রাখতে এগুলি সাহায্য করে।
বিমানের সামনের কাচে দৃশ্যমানতা বাড়ানোর জন্য বিশেষ ধরনের তরল ব্যবহার করা হয়। ক্যাপ্টেন জানান, এই রেন রিপেলেন্ট তরল উইন্ডস্ক্রিনে স্প্রে করা হয়, যাতে বৃষ্টির জল সরিয়ে দৃশ্যমানতা উন্নত করা যায়।
বিমানের ওয়েদার রাডার পাইলটকে যাত্রাপথের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে রিয়েল-টাইম তথ্য দেয়। এর সাহায্যে সামনে কোথায় কী ধরনের আবহাওয়া রয়েছে, তা নেভিগেশন ডিসপ্লেতে দেখা যায়। আবহাওয়ার তীব্রতা বোঝাতে রাডারে তিনটি আলাদা রং ব্যবহার করা হয়।
বিমান অবতরণের সময় রানওয়েতে জল জমে থাকলে চাকা পিছলে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে অ্যান্টি-স্কিড সিস্টেম চাকার ব্রেকিং নিয়ন্ত্রণে সাহায্য করে, যাতে বিমান পিছলে যাওয়া বা নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কমে।
বিমান যখন বরফ জমার মতো আবহাওয়ার মধ্যে দিয়ে যায়, তখন অ্যান্টি-আইস ব্যবস্থা কাজে লাগে। ক্যাপ্টেনের কথায়, এই সিস্টেম তাপ ব্যবহার করে বিমানের নির্দিষ্ট অংশে বরফ জমতে বাধা দেয়।
যাত্রীদের সবচেয়ে সাধারণ প্রশ্নের উত্তরে ক্যাপ্টেন কৃষ্ণন স্পষ্ট জানিয়েছেন, বৃষ্টির মধ্যে বিমান সফর করা যায়। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, বছরের এই সময়ে অনেকেই তাঁকে বলেন, ‘বৃষ্টির মধ্যে বিমানে উঠতে ভয় লাগে।’ তাঁদের আশ্বস্ত করে তাঁর বক্তব্য, ভয় পাওয়ার প্রয়োজন নেই। বিমানে যাত্রীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।

