Last Updated:
Jagannath Chatterjee on Kali Puja: থানায় কালীপুজো নিয়ে বিতর্কে মুখ খুললেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের প্রসঙ্গ তুলে কাকদ্বীপে কালীপ্রতিমা প্রিজন ভ্যানে তোলার ঘটনার ‘প্রায়শ্চিত্ত’ হিসেবে থানায় থানায় পুজোর দাবি তাঁর।
কলকাতা: ডাকাতি করতে যাওয়ার আগে রঘু ডাকাতও কালীর পুজো করে যেত। তেমনই রেড-এ যাওয়ার আগে পুলিশকর্মীরা যেন কালীমূর্তিকে প্রণাম করে যান, তেমনই মন্তব্য করতে দেখা গিয়েছিল রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে৷ যা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা হয় বিস্তর৷ এ নিয়ে আলোচনা সমালোচনার জবাব দিলেন তিনি৷ তুললেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত৷
এদিন পশ্চিমবঙ্গের পূর্ব রীতির কথা মনে করিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘আমি কোনও নতুন কথা বলিনি। পুলিশ সংস্কৃতির অঙ্গ, থানায় কালীপুজো করার। এবং আজন্ম কাল থেকে পুলিশ থানায় থানায় কালীপুজো করে থাকে। বরাবর হয়ে থাকে।’’
এরপরেই তিনি তোলেন বাম আমলের কথা৷ বলেন, ‘‘জ্যোতিবাবু যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, এ নিয়ে কারওর কোনও আগ্রহ ছিল না। বুদ্ধদেববাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে আলাদা সংখ্যলঘু দফতর করলেন। মুসলিম ভোট চলে যাচ্ছে বলে তোষণ করা শুরু করলেন। উৎসাহভাতা দিতে শুরু করলেন, সংবিধানের সরকার। ধর্ম বিচার করে ভাতা, ধর্ম বিচার করে চাকরি, ইমাম-মোয়াজ্জিন ভাতা দিতে শুরু করলেন, তখন তিনি বলতে শুরু করলেন থানায় নাকি কালীপুজো করা যাবে না। তার আগে এই ব্যবস্থা ছিল না।’’
তারপরে মমতা-আমলের কথা তুলে তিনি বলেন, ‘‘আর গত ১৫ বছরে আমরা কী দেখেছি, যে, মা কালীকে দক্ষিণ ২৪ পরগণায় পশ্চিমবঙ্গ পুলিশ প্রিজন ভ্যানে তুলছি। সনাতনী কালী পুজো, প্রতিষ্ঠা করে দিয়েছে সনাতনী সরকারকে। পশ্চিমবঙ্গ পুলিশকে তো সেই প্রায়শ্চিত্ত তো করতেই হবে। ’’
২০২৫ সালের অক্টোবর মাসে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সূর্যনগরে একটি ভাঙা কালীপ্রতিমাকে পুলিশের প্রিজন ভ্যানে তোলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘‘গত বছর প্রিজন ভ্যানে তুলে ছিল, এ বছর থানায় থানায় পুজো করে প্রায়শ্চিত্ত করতেই হবে। এই তিনটি কারণে থানায় কালীপুজো করার কথা বলেছি। কালীপুজো থানার সংস্কৃতি অঙ্গ। এমনিতেই থানায় থানায় কালীপুজো হয়। বুদ্ধদেব ভট্টাচার্য বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রিজন ভ্যানে তুলেছিলেন, সেই দুইয়ের প্রায়শ্চিত্ত করার জন্যে থানায় থানায় কালীপুজো করুক ও শুদ্ধিকরণ করুক।’’

