Last Updated:
Jalpaiguri News: লোকালয়ে সহজে উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ খাবার পাওয়ার পথ খুঁজে পেতেই তাদের মধ্যে এই আচরণ তৈরি হয়। নিত্যদিনের এই উপদ্রব এবং ডিম চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় গৃহস্থরা।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: গৃহস্থের বাড়ি থেকে মুরগির ডিম চুরি করে সাবাড় করছে বাঁদর! পাটকাটায় কলোনি তাণ্ডব বাঁদরের। অবাক হচ্ছেন তো, ভাবছেন কলা ছেড়ে মুরগির ডিম খাচ্ছে বাঁদর! জলপাইগুড়ি সদর ব্লকের পাটকাটা কলোনি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঁদরের উপদ্রবে জেরবার স্থানীয় বাসিন্দারা। তবে সম্প্রতি তাদের এক বিশেষ আচরণ দেখে হতবাক হয়েছেন এলাকাবাসী। গৃহস্থের ঘরের ভেতর ঢুকে অন্যান্য খাদ্যসামগ্রী নষ্ট করার পাশাপাশি সরাসরি রান্নাঘর থেকে ডিম চুরি করে খাচ্ছে বাঁদরের দল। সুযোগ পেলেই ডিম বের করে এনে বাইরে বসে তা ভেঙে কাঁচাই সাবাড় করে ফেলছে তারা।
এমন ঘটনায় একদিকে যেমন এলাকাবাসী অতিষ্ঠ তেমনই বাঁদরের ডিম খাওয়ার বিষয়টি সাধারণ মানুষের মধ্যে কৌতূহলও তৈরি করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ পাটকাটার কলোনি বিভিন্ন পাড়ায় বেশ কিছুদিন ধরেই দলছুট বাঁদরের আনাগোনা বাড়ছিল। এখন তারা রীতিমতো বেপরোয়া হয়ে উঠেছে।
গৃহস্থের অসাবধানতার সুযোগ নিয়ে খোলা জানলা-দরজা দিয়ে ঘরে ঢুকে হাঁড়িকুড়ি উল্টে দিচ্ছে এবং জিনিসপত্র তছনছ করছে। সকাল সন্ধ্যা যেকোনও সময় চলছে তাদের এই তাণ্ডব। বিস্কুট, ফল মূল, সবজি তো বটেই টান দিচ্ছে মুরগির ডিম ধরেও। কিন্তু বাঁদর কি আদৌ মুরগির ডিম খায়? এই প্রসঙ্গে বিজ্ঞান ঘেঁটে জানা যায়, বাঁদরকে সাধারণত নিরামিষাশী হিসেবে মনে করা হলেও তারা মূলত সুবিধাবাদী সর্বভুক।
প্রাকৃতিক বনাঞ্চলে খাদ্যের অভাব দেখা দিলে কিংবা বিকল্প প্রোটিন ও পুষ্টির খোঁজে সুযোগ পেলে বাঁদর পাখির বাসা বা বাড়ি থেকে ডিম চুরি করে খায়। তবে সব বাঁদরই ডিম খায় না। এটি মূলত তাদের প্রজাতি, খাদ্যাভ্যাস, এলাকাভিত্তিক খাদ্যের প্রাচুর্য এবং স্বভাবের ওপর নির্ভর করে।
