Last Updated:
Kakoli Ghosh Dastidar: বারাণসীর সংস্কৃতি সংসদে প্রধান অতিথির আমন্ত্রণ কাকলি ঘোষ দস্তিদারকে।
কলকাতা: বারাণসীতে আয়োজিত ষষ্ঠ ‘সংস্কৃতি সংসদ’-এ প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, জ্ঞান-পরম্পরা এবং আধুনিকতার সঙ্গে নতুন প্রজন্মের সম্পর্ক নিয়ে আলোচনা হবে এই মঞ্চে। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপ্লুত হওয়ার কথা জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীর রুদ্রাক্ষ আন্তর্জাতিক সহযোগ ও কনভেনশন সেন্টারে বসেছে এই অনুষ্ঠানের আসর। গঙ্গা মহাসভার উদ্যোগে এবং অল ইন্ডিয়া সন্ত সমিতি, অল ইন্ডিয়া আখড়া পরিষদ ও শ্রীকাশী বিদ্বৎ পরিষদের নির্দেশনায় আয়োজন করা হয়েছে ষষ্ঠ সংস্কৃতি সংসদের।
আয়োজকদের মতে, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ এবং আধুনিক সময়ের সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে এই অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ত, বিদ্বান, বিজ্ঞানী, বিশেষজ্ঞ, যুবক-যুবতী এবং শিল্পীদের উপস্থিত থাকার কথা।

কাকলির পোস্ট
তবে প্রধানমন্ত্রীর সংসদীয় কেন্দ্র বারাণসীর এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাওয়া ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। এই আমন্ত্রণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

