Last Updated:
Kali Puja 2026: উত্তর ২৪ পরগনার বারাসতে কালীপুজোর উদ্বোধনে উপস্থিত হলেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁদের উপস্থিতি ও জমকালো মণ্ডপের আলোয় মুখরিত হয়ে উঠেছে বারাসত।
উত্তর ২৪ পরগনা: কালীপুজোর প্রাক্কালে তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে উৎসবের মেজাজে জমজমাট উত্তর ২৪ পরগনার বারাসত। একদিকে টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতি, অন্যদিকে করতাল ও ড্রাম বাজিয়ে পুজোর উদ্বোধনে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁদের উপস্থিতিতে বারাসতের কালীপুজোর উন্মাদনা যেন আরও কয়েকগুণ বেড়ে গেল। ইতিমধ্যেই শহরের একাধিক বিগ বাজেটের পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে।
কালীপুজোর প্রাক্কালে বারাসতের পরপর দুটি পুজো মণ্ডপে হাজির হন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বারাসতের পায়োনিয়ার ক্লাব এবং নবপল্লী পশ্চিম ইছাপুরের পুজো মণ্ডপে উপস্থিত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। দুই পুজোর জমকালো আয়োজন, মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা দেখে মুগ্ধ হন অভিনেতা। বারাসতে এসে নিজের ভালো লাগার কথা জানিয়ে প্রসেনজিৎ বলেন, এর আগেও বহুবার এই শহরে এসেছেন তিনি। তবে এবারের পুজোর আয়োজন এবং আলোর রোশনাই বিশেষভাবে নজর কেড়েছে তাঁর। সোশ্যাল মিডিয়াতেও বারাসতের আলোকসজ্জা নিয়ে মানুষের উচ্ছ্বাসের কথা শুনেছেন। এমনকী রাত দুটোতেও রাস্তায় মানুষের ভিড় এবং শহরজুড়ে আলোর সাজ তাঁকে মুগ্ধ করেছে। আগামী বছরগুলিতে বারাসতের পুজোয় আরও নতুন নতুন চমক দেখা যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
পাশাপাশি মা তারা ও মা কালীর আরাধনা নিয়েও নিজের অনুভূতির কথা তুলে ধরেন অভিনেতা। প্রসেনজিতের কথায়, মা তারা আসলে মা কালীরই আরেক রূপ। মাত্র ১১-১২ বছর বয়স থেকে প্রতি বছর কালীপুজোর একটি নির্দিষ্ট দিনে উপোস করে পুজো দিয়ে আসছেন তিনি। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, এই নিয়মের কোনও ব্যতিক্রম হয় না। তাঁর দাদামশাই দমদমে নিজের হাতে কালীপুজো করতেন বলেও জানান অভিনেতা।
অন্যদিকে, বারাসাতের কেএনসি রেজিমেন্টের কালীপুজোর উদ্বোধনে এসে একেবারে অন্য মেজাজে ধরা পড়েন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক দিলীপ ঘোষ। পুজোর উদ্বোধনের পাশাপাশি করতাল ও ড্রাম বাজিয়ে উৎসবের আনন্দে শামিল হন তিনি। মন্ত্রীর এই ব্যতিক্রমী ভূমিকায় উপস্থিত দর্শনার্থীদের মধ্যেও উৎসাহ দেখা যায়। এবছর ৬৭ বছরে পা দিল কেএনসি রেজিমেন্টের কালীপুজো। এই পুজোর অন্যতম আকর্ষণ গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি রাজকীয় মণ্ডপ। মন্দিরের স্থাপত্যশৈলীকে শিল্পের মাধ্যমে বারাসাতে তুলে ধরার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব। কৃষ্ণ ও কালীর যুগল ভাবনায় তৈরি হয়েছে প্রতিমা। কৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে বিভিন্ন লীলার পাশাপাশি মা সতীর ভাবনাও ফুটিয়ে তোলা হয়েছে প্রতিমার উপস্থাপনায়। সব মিলিয়ে তারকা অভিনেতার উপস্থিতি, মন্ত্রীর উৎসবে শামিল হওয়া, নজরকাড়া আলোকসজ্জা এবং অভিনব থিমের মণ্ডপ সবকিছু মিলিয়ে কালীপুজোর আগেই উৎসবের রঙে সেজে উঠেছে বারাসত।
