Headlines

Missing Mountaineers in Uttarakhand: রওনা দিয়েছিলেন কেদারনাথের উদ্দেশে, ফেরার কথা ছিল ২৯ তারিখ! উত্তরাখণ্ডে প্রবল তুষারঝড়ে কোথায় গেলেন বাঁকুড়ার ৫ যুবক? | বাঁকুড়া


Last Updated:

উত্তরাখণ্ডের দুর্গম কেদারতাল এলাকায় প্রবল তুষারপাত ও তুষারঝড়ের জেরে বাঁকুড়ার পাঁচ যুবকসহ আট অভিযাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান।

উত্তরাখণ্ডে প্রবল তুষারঝড়ে কোথায় গেলেন বাঁকুড়ার ৫ যুবক?
উত্তরাখণ্ডে প্রবল তুষারঝড়ে কোথায় গেলেন বাঁকুড়ার ৫ যুবক?

বাঁকুড়া: পাহাড়ে অভিযান করতে গিয়ে বিপদের মুখে পড়লেন বাঁকুড়ার পাঁচ যুবক। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার দুর্গম কেদারতাল এলাকায় প্রবল তুষারপাত ও তুষারঝড়ের জেরে নিখোঁজ হয়ে গিয়েছেন তাঁরা। একই অভিযাত্রী দলের মোট আটজনের এখনও কোনও খোঁজ মেলেনি। নিখোঁজদের মধ্যে রয়েছেন তাপস বাউরি, রতন ঘোষ, রিন্টু মণ্ডল, উদয় ঘোষ এবং মনোজ খাওয়াস। প্রথম চারজন বাঁকুড়ার আঁচুড়ি শালবনি গ্রামের বাসিন্দা। অন্যদিকে, মনোজের বাড়ি কেশরা এলাকায়। এই খবর গ্রামে পৌঁছতেই দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রিয়জনদের নিরাপদে ফিরে পাওয়ার আশায় এখন প্রতিটি মুহূর্ত উৎকণ্ঠায় কাটছে তাঁদের।

জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর গঙ্গোত্রী থেকে কেদারতালের উদ্দেশে রওনা দিয়েছিল ১২ জনের একটি দল। অভিযাত্রীদের পাশাপাশি ওই দলে ছিলেন গাইড, রাঁধুনি এবং পোর্টাররাও। পরিকল্পনা অনুযায়ী, ২৯ অক্টোবর তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু প্রায় চার হাজার মিটার উচ্চতায় পৌঁছনোর পরই পরিস্থিতি বদলে যায়। আচমকাই খারাপ হতে শুরু করে আবহাওয়া। শুরু হয় প্রবল তুষারপাত ও তুষারঝড়। প্রতিকূল আবহাওয়ার কারণে পাহাড়ি পথে আটকে পড়েন দলের সদস্যরা। কোনওরকমে চারজন ফিরে আসতে সক্ষম হলেও বাকি আটজনের কোনও সন্ধান পাওয়া যায়নি। তাঁদের কাছ থেকে খবর পাওয়ার পরই বিষয়টি প্রশাসনের নজরে আসে।

ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্গম পাহাড়ি এলাকায় শুরু হয়েছে তল্লাশি। স্থলপথের পাশাপাশি হেলিকপ্টারের সাহায্যেও নিখোঁজদের খোঁজ চালানো হচ্ছে। উদ্ধারকাজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদেরও কাজে লাগানো হয়েছে। তবে প্রবল তুষারপাত, ঘন মেঘ এবং প্রতিকূল আবহাওয়া উদ্ধার অভিযানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আকাশপথে একাধিকবার তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত নিখোঁজ আটজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য মেলেনি। ফলে সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ।

অন্যদিকে, বাঁকুড়ার পাঁচ যুবকের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাঁদের পরিবার ও পরিচিতদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা প্রশাসনের কাছ থেকে নিয়মিত খবর নেওয়ার চেষ্টা করছেন। রাজ্য প্রশাসনের তরফেও উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। দুর্গম পাহাড়ি পরিবেশে উদ্ধারকাজ কতটা কঠিন, তা বুঝতে পারছেন সকলেই। তবুও উদ্ধারকারী দলের তৎপরতার দিকেই এখন তাকিয়ে রয়েছেন পরিবারের সদস্যরা। বরফে ঢাকা হিমালয়ের দুর্গম প্রান্তর থেকে বাঁকুড়ার পাঁচ যুবক-সহ নিখোঁজ আটজনকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে, সেই আশাতেই দিন গুনছেন তাঁদের পরিজনরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *