Last Updated:
Ritabrata Banerjee’s X Account Post: বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন থেকে শুরু করে দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ, একাধিক বিষয়ে দুই শিবিরের সংঘাত সামনে এসেছে। দলের নাম ও প্রতীক কার দখলে থাকবে, তা নিয়েও নির্বাচন কমিশনের কাছে পাল্টাপাল্টি দাবি জমা পড়েছে।
কলকাতা: ‘যে মানুষের কোনও শত্রু নেই, সেই মানুষের কোনও গুণও নেই।’ সমাজমাধ্যমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই সংক্ষিপ্ত মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে তৃণমূল কংগ্রেসের অন্দরের বিভাজন যে প্রকাশ্যে এসেছে, তার প্রেক্ষিতে এই পোস্টকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য, তা স্পষ্ট করেননি ঋতব্রত।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরের নেতৃত্বের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী বিধায়কদের পৃথক অবস্থান। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন থেকে শুরু করে দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ, একাধিক বিষয়ে দুই শিবিরের সংঘাত সামনে এসেছে। দলের নাম ও প্রতীক কার দখলে থাকবে, তা নিয়েও নির্বাচন কমিশনের কাছে পাল্টাপাল্টি দাবি জমা পড়েছে।
A man without enemies is a man without qualities.
— Ritabrata Banerjee (@RitabrataBanerj) November 6, 2026
সম্প্রতি নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া নথি আটকানোর চেষ্টার অভিযোগও তুলেছেন ঋতব্রত। পাল্টা তাঁর বিরুদ্ধে সরব হয়েছে মমতা শিবির। এই পরিস্থিতিতে ঋতব্রতর সাম্প্রতিক পোস্ট কি দলের অন্দরের বিরোধীদের উদ্দেশে কোনও বার্তা, নাকি নিছক ব্যক্তিগত উপলব্ধি? সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে আলোচনার বিষয়।
এদিকে এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠীর নেতার আবেদন শুনতে অস্বীকার করেছে। ওই নেতা পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিলেন, যাতে তিনি দলের বিদ্রোহী বিধায়কদের অযোগ্য ঘোষণার বিষয়টি দ্রুত নিষ্পত্তি করেন। আদালত তাঁকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে।

