Last Updated:
পুরভোটে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের টিকিট দেওয়া হবে কি না, তা নিয়েই বিজেপি-র অন্দরে চর্টা শুরু হয়েছে৷
পুরভোটে টিকিট পাওয়ার জন্য বিজেপি বিধায়ককে সরাসরি টাকা দেওয়ার প্রস্তাব দিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কাশীপুর- বেলগাছিয়া এলাকার বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি৷
বিজেপি বিধায়কের দাবি, কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা এলাকায় কলকাতা পুরসভায় তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর পুরভোটের আগে বিজেপি-তে যোগ দিয়ে টিকিট পেতে মরিয়া হয়ে উঠেছেন৷ ফোন করে তাঁকে এবং তাঁর বন্ধুকে টাকাও অফার করেছেন ওই প্রাক্তন কাউন্সিলর৷
রীতেশ তিওয়ারি বলেন, ‘নামটা প্রকাশ করছি না কারণ আমরা ওই ঘরানার রাজনীতি করিনি৷ আমার বিধানসভা এলাকারই একজন কাউন্সিলর৷ তিনি তৃণমূলের তিন টুকরোর মধ্যে কোন টুকরোয় আছেন আমি জানি না৷ তাঁর ড্রাইভারকে দিয়ে প্রার্থী বাছাইয়ের জন্য আমাদের ড্রপ বক্সে চিঠি ফেলিয়েছেন৷ তার পর আমাদের নির্বাচনের দায়িত্বে যাঁরা রয়েছেন সেই নেতাদের সঙ্গে দেখা করে স্বামী-স্ত্রী মাথা ঠুকে এসেছেন৷ আমার এক বন্ধুকে ফোন করেছেন, টাকা অফার করেছেন৷ সাত বার আমাকে ফোন করেছে, আমি সেই ফোনের রেকর্ড রেখে দিয়েছি, মুছিনি৷ টাকা অফার করে বলছে যে বিবেচনা করুন৷ আপনার জন্য দলে যোগ দিতে পারছি না৷’
রীতেশ তিওয়ারি এই চাঞ্চল্যকর অভিযোগ তোলার পর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, কোন প্রাক্তন কাউন্সিলর টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন, তাঁর নাম প্রকাশ্যে আনা হোক৷
কলকাতা পুরসভার নির্বাচনে কো কনভেনারের দায়িত্বে রয়েছেন রীতেশ তিওয়ারি৷ কলকাতা পুরসভায় ৪০টি আসনে জোটের জন্য দিল্লিতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে বলে দাবি করেছেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷
যদিও সুদীপের সেই দাবিকে উড়িয়ে দিয়ে রীতেশ দাবি করেন, ‘আমার দলের রাজ্য সভাপতির নাম শমীক ভট্টাচার্য৷ আমি শমীক ভট্টাচার্যের কথা শুনব নাকি যার নাম বলছেন তাঁর কথা শুনব? কলকাতা পুরসভার ২০৯টি আসনে বিজেপি লড়বে৷ আমার দলের অন্য নেতারাও বলেছেন, আমিও বলছি, পুরভোটে বিজেপি-র নেতা, কর্মী, সমর্থকরা প্রার্থী হিসেবে অগ্রাধিকার পাবেন৷ ঠিক যেমন বিধানসভা নির্বাচনে হয়েছিল৷ দল প্রার্থী বাছাই শুরু করেছে৷ কলকাতার ১৭টা বিধানসভা থেকে মণ্ডল কমিটির মতামত আমরা সংগ্রহ করেছি৷ জোট নিয়ে দলীয় স্তরে কোনও সিদ্ধান্ত হয়নি৷ ভোট যেদিন ঘোষণা করা হবে তার দু থেকে তিন দিনের মধ্যে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে৷’

