Last Updated:
বিচারপতিরা বলেন, ‘আইনের শাসনই আদালতের শক্তি, কোনও রাজনৈতিক দলের সমর্থন নয়৷’ আদালতের সংযমকে দুর্বলতা বলে ধরে নিলে ভুল হবে বলেও সতর্ক করে শীর্ষ আদালত৷
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিয়ে সমাজমাধ্যমে করা মন্তব্যের জন্য কেন আদালত অবমাননার মামলা দায়ের করা হবে না, সেই প্রশ্ন তুলে কেরলের কংগ্রেস সভাপতি সহ বেশ কয়েকজন পদাধিকারীকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট৷
কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করে কেরলের কংগ্রেস নেতৃত্ব৷ পরে অবশ্য সেই পোস্ট মুছে ফেলা হয়৷ যদিও প্রধান বিচারপতিকে জড়িয়ে এই ধরনের পোস্ট করার জন্য স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন আইনজীবী বিনিত জিন্দাল৷ শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন কেরলের কংগ্রেস নেতৃত্বকে আইনি নোটিস পাঠানোর নির্দেশ দেয় বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ৷
গত ১২ অক্টোবর কেরলের কংগ্রেস নেতৃত্ব প্রধান বিচারপতি সূর্য কান্তকে উদ্দেশ করে এই পোস্ট করে৷ সেই পোস্টে লেখা ছিল, ‘প্রিয় সূর্য কান্ত, আইনশৃঙ্খলা আপনার এক্তিয়ার ভুক্ত না হলে পদত্যাগ করুন৷ আমরা আপনার বিকল্প খুঁজে নেবো, যে বিষয়টি সামলে নিতে পারবেন৷’
বিষয়টি অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করেই সুপ্রিম কোর্ট সংবিধানের সর্বোচ্ছ অবস্থান এবং বিচারব্যবস্থার স্বাধীনতার কথা মনে করিয়ে দিয়েছে৷ সাংবিধানিক কাঠামোয় কোনও ব্যক্তি অথবা রাজনৈতিক দল যে নিজেদের সংবিধান ও বিচারব্যবস্থার ঊর্ধ্বে নিয়ে যেতে পারে না, সেকথাও মনে করিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷
সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলে, ‘সংবিধানই সর্বোচ্চ, কোনও ব্যক্তি অথবা রাজনৈতিক সংগঠন তার ঊর্ধ্বে নয়৷ বিচারব্যবস্থার স্বাধীনতা কোনও রাজনৈতিক দলের সুবিধার স্বার্থে নয়৷’
পর্যবেক্ষণে বিচারপতিরা আরও বলেন, ‘বিচার বিভাগের সিদ্ধান্তের সমালোচনা করা যেতেই পারে৷ তাই বলে বাক স্বাধীনতাকে অস্ত্র করে বিচার ব্যবস্থার প্রতি প্রতিশোধপরায়ণ হওয়া অথবা বিচার বিভাগের প্রশাসনিক ব্যবস্থায় হস্তক্ষেপ করা যায় না৷’
একই সঙ্গে হুঁশিয়ারির সুরে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আদালতের কতৃত্বকে খাটো করা অথবা অবমাননার কোনও প্রচেষ্টা কেউ করলে তিনি যত প্রভাবশালীই হোক না কেন, কড়া পদক্ষেপ নেওয়া হবে৷

