Last Updated:
বেহালা মিলন শক্তি ক্লাবের কালীপুজোর এবার ৪১তম বর্ষ।। এই কালীপুজোয় অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত থাকবেন রাজীবেসানন্দ মহারাজ। সন্ন্যাসী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। উপস্থিত থাকবেন ভারতীয় ডাক বিভাগের আধিকারিকরাও।
কলকাতা: একটা সময় ছিল, যখন ভালোবাসা মানে ছিল অপেক্ষা। একটা চিঠি আসবে বলে, দিনের পর দিন ডাকপিয়নের দিকে তাকিয়ে থাকা। ইনবক্স ছিল না, সিন ছিল না, ব্লু টিক ছিল না। ছিল শুধু একটা খাম, তার ভিতরে ভাঁজ করা কিছু শব্দ, আর শেষে লেখা — ‘‘ইতি, তোমার…’’ সেই চিঠিতেই লুকিয়ে ছিল বাবার শাসন, মায়ের আদর, প্রেমিকার অভিমান, আর প্রবাসী ছেলের কান্না। আজ সবকিছু আছে, শুধু সেই অপেক্ষাটা নেই। তাই এই ৪১ তম বর্ষে, বেহালা মিলন শক্তি ক্লাব ফিরিয়ে আনছে সেই ফেলে আসা দিনগুলোকে।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এই বছর ৪১ তম বর্ষে কালীপুজোয় একটি বিষয় তাঁরা উপস্থাপনা করতে চলেছেন, তা হল- পুরোনোকে ছুঁয়ে দেখা…চিঠির মাধ্যমে । ডিজিটাল মিডিয়ার যুগে অধিকাংশ মানুষই ভুলে গিয়েছে চিঠি লিখতে। অথচ এই চিঠির সঙ্গে জড়িয়ে ছিল, আমাদের প্রেম, ভালোবাসা, আবেগ, স্নেহ আরও কত কিছু। একটা সময় অপেক্ষা করা হতো কখন আসবে, পোস্টম্যান কাকু। আমরা অনেক কিছুই ভুলেছি, ভুলেছি আমাদের ইতিহাস। এই ধারণাকে সামনে রেখে আমরা সবাইকে আহ্বান করছি, অন্তত একটি চিঠি লিখুন, আপনার প্রিয়জনকে। কিছুটা সময়ের জন্য হলেও আসুন না, আমরা ছুঁয়ে দেখি পুরোনোকে…চিঠির মাধ্যমে।


বেহালা মিলন শক্তি ক্লাবের কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক, যুব কল্যাণ ও ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। এছাড়া উপস্থিত থাকবেন চিকিৎসক লতা ওঝা, শিক্ষাবিদ মুক্তি ঘোষ, জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় অনন্যা রাই প্রমুখ ৷

