এবার সফল প্রার্থীদের সামনে পরবর্তী চ্যালেঞ্জ ইন্টারভিউয়ের প্রস্তুতি। পাশাপাশি অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ ও আপডেট করার নির্দেশ দিয়েছে কমিশন। এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
UPSC সিভিল সার্ভিস মেইনস পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে কমিশন। যাঁরা এই পরীক্ষায় বসেছিলেন, তাঁরা UPSC-র সরকারি ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। প্রকাশিত ফলাফলের তালিকায় ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের নাম ও রোল নম্বর রয়েছে।
এবার ২,৫২৬ জন পরীক্ষার্থী পার্সোনালিটি টেস্টের জন্য উত্তীর্ণ হয়েছেন। পরবর্তী ধাপে এই প্রার্থীরা ভারতীয় প্রশাসনিক পরিষেবা (IAS), ভারতীয় বিদেশ পরিষেবা (IFS), ভারতীয় পুলিশ পরিষেবা (IPS) এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য গ্রুপ A ও গ্রুপ B পদে নিয়োগের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবেন।
UPSC সিভিল সার্ভিস পরীক্ষার নির্বাচনী প্রক্রিয়ায় প্রিলিমিনারি ও মেনসের পর ইন্টারভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এবছর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মোট ১৩,৩৪৩ জন পরীক্ষার্থী লিখিত মূল পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলেন। তাঁদের মধ্যে ২,৫২৬ জনকে ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত করা হয়েছে।
হিসেব অনুযায়ী, মেনস পরীক্ষায় অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর প্রায় ১৮.৯৩ শতাংশ পরবর্তী ধাপে পৌঁছতে পেরেছেন। অর্থাৎ, প্রতি পাঁচ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় একজন ইন্টারভিউয়ের সুযোগ পেয়েছেন। এবার পার্সোনালিটি টেস্টে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে সফল প্রার্থীদের। কমিশনের তরফে ইন্টারভিউয়ের দিনক্ষণ পরে আলাদাভাবে ঘোষণা করা হবে।
মেনস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের আগে অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ ও আপডেট করতে হবে। এই প্রক্রিয়ার জন্য UPSC-র অনলাইন পোর্টাল খুলবে ১১ নভেম্বর ২০২৬ থেকে। প্রার্থীরা ২৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টা পর্যন্ত নিজেদের তথ্য আপডেট করে আবেদনপত্র জমা দিতে পারবেন।
কমিশন স্পষ্ট জানিয়েছে, প্রত্যেক সফল প্রার্থীর জন্য এই প্রক্রিয়া বাধ্যতামূলক। যাঁরা ইতিমধ্যেই প্রয়োজনীয় নথি ও তথ্য আপলোড করেছেন এবং নতুন করে কিছু পরিবর্তন করার নেই, তাঁদেরও পোর্টালে লগ ইন করে সমস্ত তথ্য যাচাই করতে হবে। এরপর আবেদনপত্র চূড়ান্তভাবে জমা দিতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ না করলে তাঁদের ই-সমন লেটার বা ইন্টারভিউয়ের জন্য ডাকার চিঠি দেওয়া হবে না।
অন্যদিকে, যে সমস্ত পরীক্ষার্থী প্রিলিমিনারির আবেদনপত্রে নিজেদের শিক্ষাগত যোগ্যতার জায়গায় ‘Appearing’ উল্লেখ করেছিলেন, তাঁদের এবার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জনের প্রমাণ জমা দিতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য আপডেট করে প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ না করলে তাঁদের প্রার্থীপদ বাতিল হতে পারে।
মেনস পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা নিচের পদ্ধতিতে নিজেদের ফলাফল দেখতে পারবেন।
১. প্রথমে UPSC-র সরকারি ওয়েবসাইট upsc.gov.in খুলুন।
২. ওয়েবসাইটের হোমপেজে ‘Written Results’ বিভাগে যান।
৩. সেখানে ‘Civil Services (Main) Examination, 2026’ ফলাফলের লিঙ্কে ক্লিক করুন।
৪. এরপর ফলাফলের PDF খুলে যাবে।
৫. PDF-এ নিজের নাম অথবা রোল নম্বর সার্চ করে দেখে নিন ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছেন কি না।
৬. ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহারের জন্য ফলাফলের PDF ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করুন।
