Last Updated:
Kali Puja 2026: ইছামতি নদীর পাড়ে হাজার বছরের প্রাচীন কষ্টিপাথরের কালীমূর্তি ও সাধক তারা ক্ষ্যাপার সাধনা! উত্তর ২৪ পরগনার এই রহস্যময় মন্দিরের অজানা কাহিনি জানুন।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: হাজার বছরের প্রাচীন কষ্টিপাথরের কালীমূর্তি! ইছামতির পাড়ে আজও চলে তারা ক্ষ্যাপার তন্ত্রসাধনা। ইছামতি নদীর পাড় ঘেঁষে বসিরহাটের নৈহাটিতে আজও ছড়িয়ে রয়েছে এক প্রাচীন সাধনভূমির স্মৃতি। নৈহাটির এই কালীমন্দির শুধু ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক তারা ক্ষ্যাপার সাধনা ও নানা লোককথা। নদীর শান্ত পরিবেশের মধ্যেই প্রাচীন এই মন্দির আজও ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের।
মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হাজার বছরের প্রাচীন কষ্টিপাথরের কালীমূর্তি। স্থানীয়দের বিশ্বাস, বহু প্রাচীন এই দেবীমূর্তিকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলে আসছে নানা আচার ও সাধনা। কালো কষ্টিপাথরে নির্মিত দেবীর মূর্তিটি মন্দিরের প্রাচীনত্বের অন্যতম নিদর্শন বলেই মনে করেন স্থানীয় মানুষজন। মন্দিরের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে রয়েছে সাধক তারা ক্ষ্যাপার নাম।
মন্দিরের পরিবারের দাবি, স্বপ্নাদেশের পরেই বর্তমান স্থানে দেবীমূর্তির প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই থেকেই বংশপরম্পরায় দেবীর পুজো চলে আসছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারের সদস্যরা মন্দিরের পুজো ও নানা আচার-অনুষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন। কালীপুজোর দিন দূর-দূরান্ত থেকেও বহু ভক্ত এই প্রাচীন মন্দিরে আসেন। কেউ আসেন দেবীর কাছে পুজো দিতে, আবার কেউ আসেন প্রাচীন মন্দির ও কষ্টিপাথরের মূর্তি দেখতে। ইছামতির পাড়ের এই মন্দির তাই আজও ধর্মীয় বিশ্বাস, সাধনার ইতিহাস এবং স্থানীয় লোককথার এক অনন্য মিলনস্থল হয়ে রয়েছে।
