Last Updated:
Chicken Price : উত্তর ২৪ পরগনার আমডাঙার সোনাডাঙা মোড়, সেখানে একটি দোকানে মাত্র ১০০ টাকা কেজি দরে গোটা মুরগি বিক্রি হচ্ছে। সেই খবর ছড়িয়ে পড়তেই ক্রেতাদের ভিড়।
উত্তর ২৪ পরগনা : বাজারে যখন ১৮০ থেকে ২০০ টাকা কেজি প্রতি চিকেনের দাম, সেই জায়গায় দাঁড়িয়ে চিকেনপ্রেমীদের জন্য এমন সুখবর! মাত্র ১০০ টাকা কেজি দরে মিলছে গোটা মুরগি। এমনই পকেট-ফ্রেন্ডলি দামের কারণে উত্তর ২৪ পরগনার আমডাঙার সোনাডাঙা মোড়ে রীতিমতো ক্রেতাদের ভিড় জমছে।
সকাল থেকে রাত পর্যন্ত মুরগি কিনতে হাজির হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। শুধু বাড়িতে রান্নার জন্য নয়, কম দামে মুরগি কিনে ব্যবসার জন্য জেলার বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন বহু মানুষ। এমনকি একাধিক রেস্তরাঁ ও বিরিয়ানির দোকানেও এখান থেকে মুরগি সরবরাহ করা হচ্ছে বলে দাবি বিক্রেতার।
সোনাডাঙা মোড়ে অবস্থিত ‘আলভী পাইকারি চিকেন সেন্টার’-এ বর্তমানে গোটা মুরগির দাম কেজি প্রতি ১০০ টাকা। অন্যদিকে, মুরগি কেটে দেওয়া হলে অবশ্য কেজি প্রতি নেওয়া হচ্ছে ১৬০ টাকা। দোকানের মালিক আল মাকসুমের দাবি, সরাসরি ফার্ম থেকে নিজস্ব গাড়িতে মুরগি নিয়ে আসেন তাঁরা। ফলে মধ্যস্বত্বভোগীদের খরচ কমিয়ে তুলনামূলক কম দামে ক্রেতাদের হাতে মুরগি তুলে দেওয়া সম্ভব হচ্ছে। তাঁর কথায়, বাজারে মুরগির দাম কমেছে। কিন্তু অনেক ব্যবসায়ী এখনও সেই অনুযায়ী দাম কমাননি। তাঁরা অবশ্য বাজারের ন্যায্য দামেই বিক্রি করছেন।
কম লাভে বেশি বিক্রির কৌশল নিয়েছেন ওই ব্যবসায়ী। তাঁর বক্তব্য, অল্প পরিমাণ মুরগি বিক্রি করে বেশি লাভ করার পরিবর্তে প্রতিদিন ৩০-৪০ ক্যারেট মুরগি বিক্রির লক্ষ্য রয়েছে তাঁর। এতে নিজের পাশাপাশি তাঁর দোকানে কর্মরত ছয়-সাতজন কর্মীরও সংসার চলছে। গত প্রায় দু’বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বারাসতের একাধিক পরিচিত হোটেল ও বিরিয়ানির দোকানে তাঁর এখান থেকেই মুরগি সরবরাহ করা হচ্ছে বলে দাবি।
শুধু সাধারণ ক্রেতা নয়, নতুন করে চিকেনের ব্যবসা শুরু করতে চান এমন ব্যক্তিদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। বিক্রেতার দাবি, কেউ নতুন দোকান খুলতে চাইলে তাঁকে সরাসরি ফার্মের দামে মুরগি দেওয়া হবে। এমনকী নিজস্ব গাড়িতে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বাড়ি বা দোকানেও মুরগি পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
