Last Updated:
চাষিদের অভিজ্ঞতা অনুযায়ী, ধান পাকতে শুরু করলেই ক্ষেতে ইঁদুরের উৎপাত বাড়ে। বিশেষ করে রাতের অন্ধকারে ইঁদুরের দল ধানগাছের গোড়া কেটে নষ্ট করে দিচ্ছে। গোড়া কেটে দেওয়ায় অনেক গাছ মাঠেই শুকিয়ে মাটিতে নুয়ে পড়ছে।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: মাচায় বসে তেলের টিনের ঘণ্টা বাজিয়ে পাকা ধান রক্ষার চেষ্টা! তিস্তার চরে কৃষকদের এমন অভিনব কৌশল নজর কাড়ছে। জলপাইগুড়ি জেলার তিস্তার চর এলাকায় পাকা ধানের মরশুম শুরু হতেই নতুন সমস্যায় পড়েছেন চাষিরা। একদিকে ইঁদুরের উৎপাত, অন্যদিকে বুলবুলি পাখির হামলা—এই দুইয়ের জেরে মাঠের ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা।
চাষিদের অভিজ্ঞতা অনুযায়ী, ধান পাকতে শুরু করলেই ক্ষেতে ইঁদুরের উৎপাত বাড়ে। বিশেষ করে রাতের অন্ধকারে ইঁদুরের দল ধানগাছের গোড়া কেটে নষ্ট করে দিচ্ছে। গোড়া কেটে দেওয়ায় অনেক গাছ মাঠেই শুকিয়ে মাটিতে নুয়ে পড়ছে। অন্যদিকে, সকাল হতেই ক্ষেতে ঝাঁকে ঝাঁকে হাজির হচ্ছে বুলবুলি পাখি। ধানের শিষ থেকে পাকা ধান খেয়ে ক্ষতি করছে তারা। ফলে দিন-রাত দু’সময়েই নষ্ট হচ্ছে ফসল। এই পরিস্থিতি সামাল দিতে আধুনিক বা ব্যয়বহুল কোনও পদ্ধতির বদলে দেশি কৌশলের উপরেই ভরসা রেখেছেন বালাপাড়া ও সংলগ্ন তিস্তার চরের কৃষকরা। পাকা ধান রক্ষা করতে ক্ষেতের মাঝে তৈরি মাচায় বসে বাজাচ্ছেন তেলের ফাঁকা টিনের ঘণ্টা। ক্ষেতের বিভিন্ন অংশে সুতো ও দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে পুরনো তেলের ফাঁকা টিন। মাচায় বসে পাহারা দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর দড়িতে টান দিচ্ছেন চাষিরা। দড়ির টানে টিনের গায়ে আঘাত লাগতেই তীব্র শব্দে বেজে উঠছে ঘণ্টা। কৃষকদের দাবি, হঠাৎ এই বিকট শব্দে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে ইঁদুর। আবার ধানের শিষ থেকে উড়ে যাচ্ছে বুলবুলি পাখির ঝাঁক।
কোনও অতিরিক্ত খরচ ছাড়াই সামান্য কয়েকটি ফাঁকা টিন আর দড়ি কাজে লাগিয়ে নিজেদের পরিশ্রমে ফলানো পাকা ধান বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিস্তার চরের কৃষকরা। তাঁদের এই দেশি কৌশল এখন নজর কাড়ছে।
