Headlines

Durga Puja VIP Pass: পুজোর ভিআইপি কার্ড চালু করলেন বিধায়ক, কিন্তু ‘ভিআইপি’ কারা? মেমারিতে অন্যরকম উদ্যোগ | পূর্ব বর্ধমান


Last Updated:

মেমারিতে দুর্গা পুজোয় অন্যরকম উদ্যোগ নিলেন বিজেপি বিধায়ক মানব গুহ৷

মেমারির বিধায়ক মানব গুহ৷
মেমারির বিধায়ক মানব গুহ৷

পুজোর ভিআইপি পাস চালু করলেন মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ। সেই পাস পকেটে থাকলে কোনও লাইনেই দাঁড়াতে হবে না। সসম্মানে ঢুকে যাওয়া যাবে পুজো মণ্ডপে। মা দুর্গার বোধনের মুখে সেই কার্ড সামনে আনলেন বিধায়ক। সেই কার্ড কারা পাবেন?

বিধায়ক মানব গুহ বলেন, অনেক জায়গায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজোর ভিআইপি কার্ডের ব্যবস্হা করা হয়। আমারও এই কার্ডের ব্যবস্হা করার স্বপ্ন ছিল। তা করতে পেরে ভালো লাগছে।

বিধায়ক আরও বলেন, আমার কাছে ভিআইপি-র আলাদা পরিচিতি আছে। আমার কাছে যাঁরা বিশেষভাবে সক্ষম অর্থাৎ চলতি কথায় যাঁদের শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা রয়েছে তাঁরা এবং বয়সের ভারে যাঁরা এখন দীর্ঘ লাইনে দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছেন তাঁরাই ভিআইপি। শুধুমাত্র তাঁদের জন্যই আমি এই কার্ড তৈরি করেছি।

বিধায়ক বলেন, কোনও পুজো কমিটি কী উদ্দেশ্যে ভিআইপি কার্ড তৈরি করেছে তা জানার কোনও উদ্দেশ্য আমার নেই। নীতি পুলিশের দায়িত্ব আমি নিতে চাই না। পুজো কমিটিগুলির কাছে আমার একটাই অনুরোধ, দীর্ঘ লাইন দেখাতে গিয়ে মণ্ডপে প্রবেশ ও বাহির পথ সংকীর্ণ করবেন না। সেই সঙ্গে পুজো কমিটিগুলির কাছে আবেদন, বিধায়কের এই কার্ড থাকলে সেই বিশেষভাবে সক্ষম বা বয়স্ক পুরুষ মহিলাদের মণ্ডপ প্রতিমা দর্শনের সুযোগ করে দিন।

বিধায়ক বলেন, এই কার্ড নিয়ে অন্য কেউ সপরিবারে মণ্ডপে ঢোকার সুযোগ পাবেন না। যাঁদের কথা ভেবে এই কার্ড তৈরি শুধুমাত্র তাঁরাই এই সুবিধা পাবেন। বিধায়ক অফিস থেকে এই কার্ড বিতরণ হচ্ছে বলে তিনি জানান। বিধায়ক বলেন, এই কার্ডে একজনই প্রবেশের সুযোগ পাবেন। তবে বিশেষ ভাবে সক্ষম বা খুব বয়স্ক যাঁরা অন্যের সহায়তা ছাড়া চলাচলে অক্ষম তাঁদের সঙ্গে থাকা ব্যাক্তিকেও ঢুকতে দেওয়ার অনুরোধ রাখছি। এই বছর পরীক্ষামূলকভাবে শুরু করলাম। ভালো, মন্দ উপলব্ধি করে আগামী বছরে তা আরও উন্নত করবো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *